আজকাল ওয়েবডেস্ক: কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধীরজ প্রসাদ শাহুর বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ৩০০ কোটি টাকা। বিষয়টি নিয়ে কংগ্রেসের ওপর ক্রমাগত চাপ বাড়াচ্ছে বিজেপি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সরাসরি নিশানা করলে রাহুল গান্ধীকে। তিনি বলেন, রাহুলের কাছে এই বিষয়ে পাল্টা কোনও উত্তর নেই। নিজের এক্স হ্যান্ডেলে নাড্ডা লেখেন, এটাই নতুন ভারত। এখানে পরিবারতন্ত্র চলে না। দোষ যদি কেউ করে তবে আইন ছাড়বে না। কংগ্রেসকে একহাত নিয়ে নাড্ডা লেখেন, কংগ্রেসের কাছে দুর্নীতির গ্যারান্টি রয়েছে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কাজের গ্যারান্টি। আমজনতার প্রতিটি অর্থ উদ্ধার করা হবে বলে এদিন ফের একবার হুঁশিয়ারি দেন নাড্ডা। এই বিপুল পরিমান অর্থ উদ্ধারের পর কংগ্রেসকে কটাক্ষ করেছিলেন খোদ প্রধানমন্ত্রী। তিনিও সেদিন জনগনের অর্থ উদ্ধারের বিষয়টিতে জোর দিয়েছিলেন। এটাই ভারত জোড়ো যাত্রার ফল বলে সেদিন প্রধানমন্ত্রীর কটাক্ষে বিদ্ধ হয়েছিল কংগ্রেস। শাহুকে কংগ্রেসের এটিএম মেশিন বলে কটাক্ষ করেন বিজেপি নেতা অমিত মালব্যও।
NADDA : ৩০০ কোটি উদ্ধার নিয়ে কংগ্রেসকে কোনঠাসা করছে বিজেপি
















