আজকাল ওয়েবডেস্ক: ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন। মধ্যপ্রদেশ তারমধ্যে অন্যতম। ক্ষমতা দখলের লড়াইয়ে যুযুধান কংগ্রেস, বিজেপি। একদিকে রাহুল গান্ধী যখন অভিযোগ করেছেন, দুর্নীতির শীর্ষে মধ্য প্রদেশ, ঠিক তখনই জ্যোতিরাদিত্য সিন্ধিয়া হাত শিবিরকে একহাত নিয়ে দাবি করেছেন, মধ্য প্রদেশের মেয়েদের জন্য কিছু করেনি কংগ্রেস। যখন কংগ্রেস মধ্যপ্রদেশে ক্ষমতায় ছিল, তখন মেয়েদের স্বার্থে কিছুই ভাবেনি। তিনি জানান, শিবরাজ সিং চৌহান এর সরকার মেয়েদের অগ্রগতির লক্ষ্যে একাধিক কল্যাণ মূলক প্রকল্প চালু করেছে। দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি বারবার অভিযোগ করেছে, ইডি, সিবিআই-এর মত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহার হচ্ছে। বিরোধীদের এই অভিযোগের পাল্টা সিন্ধিয়া বলেন, "তারা কিসের ভিত্তিতে এসব বলছে জানি না। কোথাও কিছু ভুল হলেই তার তদন্ত হবে।" উল্লেখ্য, মধ্যপ্রদেশ প্রসঙ্গে এর আগে আজই কংগ্রেসকে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেন, "সমাবেশে আমি দেখেছি মানুষ কংগ্রেস দল সম্পর্কে কতটা হতাশ। মধ্যপ্রদেশ সম্পর্কে কংগ্রেসের কোনও ভাবনা নেই, নেই কোনও রোডম্যাপ। আমি মধ্যে প্রদেশের প্রতিটি ভোটারকে মধ্যপ্রদেশের উন্নতির জন্য বিজেপি বেছে নেওয়ার জন্য, পদ্ম বেছে নেওয়ার জন্য আবেদন জানাচ্ছি।"