আজকাল ওয়েবডেস্ক: পথ দুর্ঘটনায় ইনসিওরেন্স দাবি করার ক্ষেত্রে এদিন কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বড় ঘোষণা করলেন। তিনি জানিয়েছেন, দুর্ঘটনায় ক্ষতিপূরণ বাবদ যে অর্থ দেওয়া হবে সেই টাকার ওপর প্রাপ্য সুদে আয়করের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।
দুর্ঘটনার ক্ষেত্রে ক্ষতিপূরণের মামলায় সুদের ওপর ‘ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স’ (TDS) কাটা হবে না বলে জানিয়েছেন তিনি। বাজেটে বক্তৃতা রাখার সময় অর্থমন্ত্রী বলেন, ‘মোটর অ্যাকসিডেন্ট ক্লেমস ট্রাইব্যুনাল কোনও ব্যক্তিকে যে সুদ দেবে করবে, তা সম্পূর্ণভাবে আয়কর আইনের আওতার বাইরে। ওই সুদের ওপর আর কোনও TDS কাটা হবে না।’
উল্লেখ্য, পথ দুর্ঘটনার ক্ষেত্রে ক্ষতিপূরণে সুদের উপর TDS প্রযোজ্য কি না এই নিয়ে মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। ২০২৪ সালে সুপ্রিম কোর্ট এই বিষয়ে কেন্দ্রীয় সরকার ও আয়কর দপ্তরের মতামত জানতে চায়।
বিশেষ করে, ৫০,০০০ টাকার বেশি ক্ষতিপূরণের ক্ষেত্রে সুদের উপর TDS কাটার সিদ্ধান্ত আদৌ প্রযোজ্য কি না, তা নিয়ে প্রশ্ন তোলে শীর্ষ আদালত। এর আগেও, ২০২২ সালে সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নির্দেশ দিয়েছিল পথ দুর্ঘটনার ক্ষতিপূরণ থেকে আয়কর হিসেবে কেটে নেওয়া অর্থের কেউ দাবি করছেন না।
যাঁরা ইনকাম ট্যাক্সের আওতায় পড়ছেন না তাঁদের ক্ষেত্রে এই TDS হিসেবে কাটা অর্থ দিনের পর দিন পড়ে থাকে। প্রসঙ্গত, এর আগে বম্বে হাইকোর্ট ‘রূপেশ রশ্মিকান্ত শাহ বনাম ভারত সরকার’ মামলায় রায় দিয়েছিল যে, ক্ষতিপূরণ দাবির আবেদন দাখিলের সময় থেকে শুরু করে ট্রাইব্যুনালের চূড়ান্ত রায় বা আপিলের সিদ্ধান্ত পর্যন্ত যে সুদ প্রদান করা হয়, তা আয়কর আইনের আওতায় পড়ে না।
ফলে ওই সুদের উপর কর ধার্য করা যায় না। এবার এই সিদ্ধান্তের কথাই বাজেটে ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। উল্লেখ্য, এদিন কেন্দ্রীয় বাজেট ২০২৬ পেশ করার সময়, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যে ভারতের অর্থনীতিকে পরিচালনা করতে এবং একই সঙ্গে বৃদ্ধি বজায় রেখে জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য তিনটি কেন্দ্রীয় ‘কর্তব্য’ বা দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছেন।
সীতারামন বলেন, ‘আমাদের সরকারের ‘সংকল্প’ হল দরিদ্র, সুবিধাবঞ্চিত এবং অনগ্রসরদের উপর মনোযোগ কেন্দ্রীভূত করা।’ অর্থমন্ত্রী, তাঁর নবমবারের বাজেট ঘোষণা এবং নবনির্মিত কর্তব্য ভবন থেকে পেশ করা প্রথম বাজেটে বলেন, সরকারের অর্থনৈতিক রোডম্যাপটি বৃদ্ধি ত্বরান্বিত করা, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা এবং কাঠামোগত সংস্কারের গতি বজায় রাখার উপর ভিত্তি করে তৈরি।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নীতি নির্ধারণের পথনির্দেশক নীতি হিসেবে আত্মনির্ভরতা’কে বর্ণনা করেছেন। সীতারামন বলেন, ভারত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাস্তিমূলক নিষেধাজ্ঞার ধাক্কা সামলাচ্ছে। তার মধ্যেই আত্মনির্ভরতা সরকারের ‘মূল নজর’ হিসেবে রয়ে গিয়েছে।
