আজকাল ওয়েবডেস্ক: রবিবার লোকসভায় ২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সকাল ১১টা থেকে দুপুর ১২টা ২৫ মিনিট পর্যন্ত, অর্থাৎ মোট ৮৫ মিনিট ভাষণ দেন তিনি। বক্তৃতা শেষ হতেই সংসদের টেবিলে পেশ করা হয় বার্ষিক অর্থবিল।
এ বারের বাজেটে অর্থমন্ত্রীর পাখির চোখ মূলত তিনটি লক্ষ্যে - দেশের আর্থিক শ্রীবৃদ্ধি, আমজনতার দক্ষতা বাড়ানো এবং প্রত্যেকের কাছে সমান সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া। কর ব্যবস্থা থেকে শুরু করে জনকল্যাণ, পরিকাঠামো এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তি - সব খাতেই গুচ্ছ প্রস্তাব দিয়েছেন তিনি।
নিজের রেকর্ড ভেঙে ২০২০ সালে ২ ঘণ্টা ৪২ মিনিটের দীর্ঘতম বক্তৃতা দিয়েছিলেন সীতারামন। সেই তুলনায় রবিবারের ভাষণ ছিল অনেকটাই সংক্ষিপ্ত। গত বছর তিনি ১ ঘণ্টা ১৪ মিনিট এবং ২০১৯ সালে ২ ঘণ্টা ১৭ মিনিট বক্তব্য রেখেছিলেন। তাঁর সবচেয়ে ছোট বাজেট বক্তৃতা ছিল ২০২৪ সালের- ঠিক এক ঘণ্টা।
বাজেট ২০২৬: এক নজরে বড় ঘোষণা। এবারের বাজেটের মূল আকর্ষণগুলি জেনে নিন -
বায়োফার্মা শক্তি: ওষুধ শিল্পে ভারতকে বিশ্বসেরা করতে আগামী ৫ বছরে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
সেমিকন্ডাক্টর মিশন ২.০: দেশে চিপ বা সেমিকন্ডাক্টর উৎপাদন বাড়াতে বিশেষ জোর দেওয়া হয়েছে।
আমদানি শুল্কে ছাড়: লিথিয়াম-আয়ন ব্যাটারি তৈরির যন্ত্রপাতির ওপর কর ছাড়ের মেয়াদ বাড়ানো হয়েছে।
ক্লাউড সার্ভিসে ছাড়: যে সব বিদেশি তথ্যপ্রযুক্তি সংস্থা ভারতীয় ডেটা সেন্টার ব্যবহার করবে, ২০৪৭ সাল পর্যন্ত তারা কর ছাড়ের সুবিধা পাবে।
পরিকাঠামোয় বিপুল খরচ: দেশের রাস্তাঘাট ও পরিকাঠামো উন্নয়নের জন্য ১২.২ লক্ষ কোটি টাকা খরচের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
শিক্ষা ও স্বাস্থ্য: স্বাস্থ্যকর্মীদের জন্য ৫টি বড় মেডিক্যাল হাব তৈরি হবে। পাশাপাশি শিল্পাঞ্চলের কাছে ৫টি ইউনিভার্সিটি টাউনশিপ এবং ছাত্রীদের বিজ্ঞানে উৎসাহ দিতে জেলায় জেলায় 'স্টেম' (STEM) হস্টেল গড়া হবে।
দ্রুতগামী ট্রেন: যোগাযোগ ব্যবস্থাকে গতি দিতে দেশে ৭টি হাই-স্পিড রেল করিডর তৈরি করা হবে।
এগুলোর পাশাপাশি পুরনো আয়কর রিটার্ন সংশোধনের সময়সীমা ৩১ ডিসেম্বর থেকে বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত করা হয়েছে। এ ছাড়া অনাবাসীদের থেকে সম্পত্তি কেনার ক্ষেত্রে কর জমা দেওয়ার নিয়মও আগের চেয়ে সহজ করা হয়েছে।
