আজকাল ওয়েবডেস্ক: সামনেই 'ভালবাসা দিবস'৷ এই সময়ে প্রায় প্রত্যেকেই একে অপরকে নানারকম উপহার দিতে ব্যস্ত। এরই মধ্যে এক হৃদয়বিদারক ঘটনা বেঙ্গালুরুতে৷ একটি গোলাপ, একটি চকলেট আর সামান্য হাসি- এই নিয়ে হাজির। বেঙ্গালুরুর এক গৃহপরিচারিকার এই উপহার আর নিখাদ ভালোবাসার গল্প এখন সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল।
ঘটনাটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন নেহা হরচন্দানি। ভিডিওটিতে দেখা যাচ্ছে, লাজুক মুখে সামান্য কিছু উপহার হাতে ঘরে ঢুকছেন তাঁদের গৃহপরিচারিকা। নেহা জানান, নিছক গল্পের ছলেই তিনি নিজের বিবাহবার্ষিকীর কথা তাঁকে বলেছিলেন। কিন্তু সেই কথা যে তিনি এভাবে মনে রাখবেন, তা কল্পনাও করতে পারেননি নেহা।
ভিডিওতে নেহাকে অবাক হয়ে জিজ্ঞেস করতে শোনা যায়, “দিদি, আজ আপনি এগুলো কেন নিয়ে এলেন?” উত্তরে ওই পরিচারিকার মুখে ছিল কেবল প্রশ্রয়ের হাসি আর লজ্জা। নেহা তখন বলে ওঠেন, “দিদি, আপনি যে কী মিষ্টি!” এরপর শান্ত হাসিমুখে গোলাপ আর চকলেটটি দম্পতির হাতে তুলে দেন তিনি।
তবে ভিডিওর সবচেয়ে চর্চিত অংশটি ছিল তার ঠিক পরেই। ওই মহিলার আন্তরিকতায় মুগ্ধ হয়ে দম্পতি তাঁর পা ছুঁয়ে প্রণাম করেন এবং বলেন, “দিদি, আপনার আশীর্বাদ যেন এভাবেই আমাদের সঙ্গে থাকে।” জানা গিয়েছে, ওই মহিলা তাঁর স্বামীর সাহায্য নিয়ে অনলাইন অ্যাপের মাধ্যমে উপহারগুলি আনিয়েছিলেন।
ইন্টারনেট জুড়ে এখন কেবল এই ভিডিওরই জয়গান। নেটিজেনদের কথায়, “সহজ ও নিখাদ ভালোবাসার এক অনন্য নজির এই ঘটনা।” নিত্যদিনের একঘেয়ে কাজের মাঝে থেকেও এই ঘটনা ব্যতিক্রম। বিরল। বর্তমানে সামাজিক মাধ্যমে ভিডিওটি নিয়ে এমনই সবাই মন্তব্য করছেন৷
