আজকাল ওয়েবডেস্ক: অযোধ্যায় রয়েছে প্রচুর হনুমান। সারাক্ষণ এদিকে ওদিক লাফিয়ে বেড়াচ্ছে। তাদের দেখভালের জন্য গঠিত হয়েছে অঞ্জনা সেবা ট্রাস্ট। সেই সেবা ট্রাস্টকে এক কোটি টাকা দান অক্ষয়কুমারের। কারণ হিসেবে জানালেন, এই টাকা অযোধ্যার হনুমানদের খাবারের জন্য দান করা হয়েছে। দিওয়ালি উপলক্ষে এই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা।
জানা গিয়েছে, অঞ্জনা সেবা ট্রাস্টের প্রধান স্বামী রাঘবাচার্য মহারাজই নাকি অক্ষয়ের সঙ্গে যোগাযোগ করেন। এই কাজে যোগ দেওয়ার অনুরোধ জানান। সেই ডাকে সারা দিয়ে অর্থ সাহায্য করলেন বলিউড অভিনেতা।
চলতি বছরের জানুয়ারিতে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হয়েছে। সেই থেকে নিত্য দিন সেখানে লক্ষাধিক ভক্তের সমাগম হচ্ছে। সেখানে বেড়েছে হনুমানের সংখ্যাও। তীর্থযাত্রীদের কোনওরকম অসুবিধা না করে রাম জন্মভূমি অযোধ্যার উপকণ্ঠে প্রতিদিন প্রায় ১২০০ হনুমানকে খাওয়ানোর উদ্যোগ নিয়েছেন অভিনেতা।
তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে রাঘবাচার্য জানিয়েছেন, ভগবান রামের কাছে যাওয়ার পথ হল তাঁর ভক্তদের সুখী করা, তাদের সেবা করা। আর রামের সবচেয়ে বড় ভক্ত হনুমান। তাই তাঁকে খুশি করার দায়িত্ব নিয়ে আখেরে ভগবান রামকেই খুশি করলেন অক্ষয়কুমার।
