আজকাল ওয়েবডেস্ক: ফের শিরোনামে এয়ার ইন্ডিয়া। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্দন বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানের। কিন্তু উড়ানের ঠিক আগে বিমানে কোনও যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। যে কারণে প্রায় এক ঘণ্টা রানওয়েতেই দাঁড়িয়ে থাকে বিমানটি। জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার সহযোগী সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইট নম্বর IX 1511 হিন্দন বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে ছাড়ার কথা ছিল। কিন্তু রানওয়ে ছাড়ার ঠিক আগে কোনও একটি যান্ত্রিক সমস্যা ধরা পড়ে। 

হিন্দন বিমানবন্দর মূলত সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হলেও সম্প্রতি সীমিত সংখ্যক বেসামরিক বিমান শুরু করা হয়েছে। সেরকমই একটি বিমান এদিন কলকাতার উদ্দেশ্যে আসছিল। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস একটি বিবৃতিতে জানিয়েছে, ‘আমাদের হিন্দন-কলকাতা নির্ধারিত বিমানে ত্রুটি ধরা পড়ায় দেরিতে পরিচালিত হয়েছে। যাত্রীদের বিকল্প সময় অথবা সম্পূর্ণ ফেরত-সহ টিকিট বাতিল করার সুবিধা দেওয়া হয়েছে। এই অসুবিধার জন্য আমরা দুঃখিত’।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমানটি রানওয়েতে গিয়ে উড়ানের প্রস্তুতি নিচ্ছিল সেই সময় ফ্লাইট ক্রু একটি যান্ত্রিক ত্রুটি শনাক্ত করেন। সঙ্গে সঙ্গে গ্রাউন্ড ইঞ্জিনিয়ারদের ডেকে পাঠানো হয় এবং বিমানটি আর ওড়ানো হয়নি। তবে কী ধরনের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে সে সম্পর্কে কিছু জানানো হয়নি। এই ঘটনায় যাত্রীদের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিলেও, বিমান সংস্থার তরফে দ্রুত ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। নতুন বিমানের ব্যবস্থা করে বিমানটি পরবর্তীতে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় বলে জানা গিয়েছে।