আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের পরিস্থিতির ওপর বিবেচনা করে বিবৃতি জারি হল অসমে। মঙ্গলবার ওই বিবৃতিতে বলা হয়, অসমের চার জেলায় আগামী ছয় মাসের জন্য বাড়ানো হল আফস্পা এর মেয়াদ।
তিনসুকিয়া, ডিব্রুগড়, চরাইদেও এবং শিবসাগর এই চার জেলা অশান্ত এলাকা হিসেবে বিবেচিত করা হয়েছে। তাই এখানে মোতায়েন থাকবে সশস্ত্র নিরাপত্তা বাহিনী। পুলিশের বিভিন্ন রিপোর্টে দেখা গিয়েছে, নিরাপত্তা বাহিনীর নিরন্তর প্রচেষ্টায় এবং সক্রিয় বিদ্রোহ-বিরোধী পদক্ষেপের কারণে, অসম রাজ্যের সামগ্রিক পরিস্থিতি গত কয়েক বছরে, বিশেষ করে গত তিন বছরে উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। এমনটাই বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। তবে, প্রতিবেশী দেশ বাংলাদেশে সাম্প্রতিক গোলযোগ এবং অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রভাব যাতে কোনওভাবেই এখানে না পরে তাই অসম সরকার সুপারিশ করে যে সশস্ত্র বাহিনী (বিশেষ ক্ষমতা) আইন কিছুদিন লাগু থাকার জন্য। প্রস্তাব পেশ করা হয় স্বরাষ্ট্রমন্ত্রকের দপ্তরে।
পরিস্থিতি বিবেচনা করে অশান্ত এলাকায় নিরাপত্তার জন্য গত ১ অক্টোবর থেকে আগামী ছয় মাস পর্যন্ত আফস্পা বাড়ানো হয়েছে। গত বছরের অক্টোবর থেকে রাজ্যে AFSPA-এর অধীনে চারটি জেলাই একমাত্র এলাকা, যেখানে আইনটি ধীরে ধীরে অন্যান্য অংশ থেকে প্রত্যাহার করা হয়েছে। এটি সর্বশেষ গত বছর জোড়হাট, গোলাঘাট, কার্বি আংলং এবং দিমা হাসাও থেকে প্রত্যাহার করা হয়েছিল। অন্যান্য এলাকাগুলিকে এর আগেই এর আওতা থেকে সরিয়ে নেওয়া হয়েছিল।
AFSPA প্রথম ১৯৯০ সালের নভেম্বরে অসমে আরোপ করা হয়েছিল এবং তারপর থেকে প্রতি ছয় মাস পর পর তা বাড়ানো হয়েছে। এই আইনে নিরাপত্তা বাহিনীকে যে কোনও স্থানে অভিযান চালানোর এবং কোনও পূর্ব পরোয়ানা ছাড়াই কাউকে গ্রেপ্তার করার পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে।
মানবাধিকার গোষ্ঠী, এইভাবে সশস্ত্র বাহিনীর দ্বারা মানবাধিকার লঙ্ঘনের দাবি করে সমগ্র উত্তর-পূর্ব থেকেই এই কঠোর আইন প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে।
