আজকাল ওয়েবডেস্ক: আর্থিক অনটনের জেরে চরম পদক্ষেপ। বারাণসীর গেস্ট হাউজে আত্মঘাতী এক পরিবারের ৪ সদস্য। ঘর থেকে উদ্ধার করা হয়েছে সুইসাইড নোট। তাতেই আত্মহত্যার আসল কারণ লিখেছিলেন মৃত ব্যক্তি।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বারাণসীর ওই গেস্ট হাউজ থেকে ৪ জনের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ ঘিরে তদন্ত শুরুর পর জানা গিয়েছে, ঋণ শোধ করতে না পারায় বারবার খুনের হুমকি দেওয়া হচ্ছিল পরিবারের সদস্যদের। এর জেরেই চরম পদক্ষেপ নেন তাঁরা। মৃতেরা সকলেই অন্ধ্রপ্রদেশের বাসিন্দা।
ঘর থেকে পাওয়া সুইসাইড নোটে লেখা ছিল, পূর্ব গোদাবরী জেলার কয়েকজনের থেকে মোট ৬ লক্ষ টাকা ধার নিয়েছিলেন ওই ব্যক্তি। গয়না, সঞ্চিত অর্থ সব দিয়ে মোট ৫ লক্ষ টাকা ফিরিয়েও দিয়েছিলেন। বাকি ছিল মাত্র ১ লক্ষ টাকা। কিন্তু ১০ দিনের মধ্যে আরও ৬ লক্ষ টাকা না দিলে পরিবারের সকলকে খুন করে দেওয়ার হুমকি দিচ্ছিল অভিযুক্তরা।
খুনের হুমকি পেয়ে গত ৩ মাস আগেই ঘর থেকে পালিয়ে যান তাঁরা। এই তিন মাসে কলকাতা, হরিদ্বার, তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় কাটিয়েছেন। অবশেষে বারাণসীতে এসে চরম পদক্ষেপ নেন। এই ঘটনায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনার তদন্ত জারি রয়েছে।