আজকাল ওয়েবডেস্ক: নির্বাচন শেষ হতেই দেশে পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে৷ এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, ভোট মিটতেই সাধারণ মানুষের ওপর জ্বালানির দামবৃদ্ধির বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে।
সোমবার সামাজিক মাধ্যম 'এক্স'-এ একটি পোস্টে প্রধানমন্ত্রীকে ‘ইনফ্লেশন ম্যান’ বলে কটাক্ষ করেন রাহুল। তিনি দাবি করেন, দেশে যে একটা ‘অর্থনৈতিক ঝড়’ আসতে চলেছে, সেই বিষয়ে তিনি গত কয়েক মাস ধরেই সতর্ক করছিলেন।
রাহুল গান্ধী লিখেছেন, “আমি অনেক দিন ধরেই বলছিলাম একটা অর্থনৈতিক বিপর্যয় আসছে। কিন্তু মোদিজি বরাবরের মতোই তখন নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন। আর ভোট শেষ হতেই পেট্রল-ডিজেলের দাম ৮ টাকা বাড়িয়ে দেওয়া হল।”
তিনি আরও অভিযোগ করেন, সাধারণ মানুষ যখন মূল্যবৃদ্ধিতে ভুগছেন, সরকার তখন শুধু ভোট নিয়েই মেতে ছিলেন। রাহুলের কথায়, “মোদিজির কাজই হল ভোটের সময় বড় বড় প্রতিশ্রুতি দেওয়া, আর বাকি সময় সাধারণ মানুষের পকেট কাটা।”
পশ্চিম এশিয়ায় অশান্তির জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ক্রমাগত ওঠানামা করছে। এই পরিস্থিতিতে সোমবার দেশে ফের বাড়ল পেট্রল ও ডিজেলের দাম। গত ১০ দিনে এই নিয়ে মোট চারবার জ্বালানির দাম বাড়াল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। নতুন এই সিদ্ধান্তের ফলে বেশ কিছু রাজ্যে লিটার প্রতি তেলের দাম ২ টাকারও বেশি বেড়ে গিয়েছে।
আসলে ভারত বিশ্বের অন্যতম প্রধান তেল আমদানিকারী দেশ। আমদানির জন্য ভারতকে বহুলাংশে নির্ভর করতে হয় ‘হরমুজ প্রণালী’র ওপর। ফলে ওই অঞ্চলে কোনও গন্ডগোল হলে বিশ্ববাজারে তেলের জোগান কমে যায় এবং তার সরাসরি প্রভাব পড়ে ভারতের বাজারে।















