আজকাল ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশে নিজের শ্বশুরবাড়িতে ৩২ বছর বয়সী অভিনেতা ও মডেল ত্বিশা শর্মার রহস্যজনক মৃত্যুর তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর হাতে তুলে দেওয়া হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই শুরু হতে পারে এই প্রক্রিয়া। সোমবার সুপ্রিম কোর্টকে এমনটাই জানিয়েছে মধ্যপ্রদেশ সরকার। এই মামলায় তদন্তে গাফিলতি এবং প্রভাব খাটানোর ভুরিভুরি অভিযোগ ওঠার পর শীর্ষ আদালত স্বতঃপ্রণোদিত ভাবে মামলাটি গ্রহণ করে।
আজ বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চালীর ডিভিশন বেঞ্চ মধ্যপ্রদেশ সরকারের বিবৃতি রেকর্ড করেছে। রাজ্যের পক্ষে উপস্থিত সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, সিবিআই-এর হাতে তদন্তভার তুলে দেওয়ার জন্য কেন্দ্রীয় পার্সোনেল ও ট্রেনিং দপ্তর অর্থাৎ ডিওপিটি আজকালের মধ্যেই প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারি করতে চলেছে।
শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের বেঞ্চ সাফ জানিয়ে দেয়, "তদন্ত সম্পূর্ণ নিরপেক্ষ এবং পক্ষপাতহীন হতে হবে।" একই সঙ্গে আদালত এই মামলা নিয়ে চলা 'মিডিয়া ট্রায়াল' এবং জনমানসে তৈরি হওয়া 'ন্যারেটিভ' নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে।
মৃত ত্বিশার স্বামী সমর্থ সিং একজন পেশাদার আইনজীবী। তাঁর মা গিরিবালা সিংও একজন প্রাক্তন জেলা বিচারক। এই কারণে মামলাটিতে তাঁরা বিচারব্যবস্থার উপর প্রভাব খাটাচ্ছে এবং এর ফলে নিরপেক্ষ তদন্ত হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের বেঞ্চ মন্তব্য করে, "বিষয়টি যেভাবে ছড়ানো হচ্ছে তাতে আমরা কিছুটা ব্যথিত। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে বলা হচ্ছে বিচারব্যবস্থা এই মামলার বিচারপ্রক্রিয়ায় বাধা দিচ্ছে।" সাধারণ মানুষ রাজ্য পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেও শীর্ষ আদালতের এ নিয়ে কোনও সন্দেহ নেই। বেঞ্চ মন্তব্য, "কোনও স্বাধীন কেন্দ্রীয় সংস্থা বিষয়টির তদন্ত করলে এই মামলার তথ্যের ওপর মানুষের ভরসা অনেক বাড়বে।"
এ দিন আদালতে ত্বিশার পরিবারের পক্ষে সিনিয়ির আইনজীবী সিদ্ধার্থ লুথরা অভিযোগ করেন, এফআইআর দায়ের করতে দেরি করা হয়েছে। এর মধ্যে ঘটনার বহু গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট করা হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এর জবাবে আদালত পরিবারকে আশ্বস্ত করে বলে, "আমরা নিশ্চিত করব যাতে তদন্ত সম্পূর্ণ নিরপেক্ষ হয়।"
পাশাপাশি, সুপ্রিম কোর্ট সংবাদমাধ্যম এবং মামলার সঙ্গে যুক্ত উভয় পক্ষকেই কড়া নির্দেশ দিয়েছে। কোনও সম্ভাব্য সাক্ষীর বয়ান বা সাক্ষাৎকার যাতে সংবাদমাধ্যমে সম্প্রচার না করা হয়, তার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতিরা বলেন, "আমরা সংবাদমাধ্যমকে অনুরোধ করছি সম্ভাব্য সাক্ষীদের বক্তব্যকে 'সাউন্ড বাইট' হিসেবে ব্যবহার করবেন না। এতে তদন্ত শেষ হওয়ার আগেই একটা বিভ্রান্তিকর ধারণা তৈরি হয়।"
এ দিন সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে জানান, মামলার অন্যতম অভিযুক্ত তথা ত্বিশার শাশুড়ি গিরিবালা সিং গত ১৫ মে আগাম জামিন পেয়েছেন। তবে পুলিশ তাঁকে বয়ান রেকর্ড করার জন্য ডাকলেও তিনি আসেননি। এমনকি পুলিশ তাঁর বাড়িতে গিয়ে বয়ান নেওয়ার প্রস্তাব দিলেও তিনি রাজি হননি। তবে গত ১৫ মে-র জামিনকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার ও নিহতের পরিবার। এদিকে, ত্বিশার স্বামী সমর্থ সিং এফআইআর দায়ের হওয়ার পর থেকে ১০ দিন পলাতক ছিল। তবে গত ২২ মে ভোপাল পুলিশের কাছে আত্মসমর্পণ করে বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন।
উল্লেখ্য, গত ১২ মে ভোপালের কাটারা হিলস এলাকায় নিজের শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয় মডেল অভিনেত্রী ত্বিশার শর্মার মৃতদেহ। সমর্থ সিংয়ের সঙ্গে বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় এই ঘটনা ঘটে। ত্বিশার পরিবারের অভিযোগ, যৌতুকের জন্য নির্যাতন, মানসিক ও শারীরিক অত্যাচার চালিয়ে ত্বিশাকে খুন করা হয়েছে। যদিও অভিযুক্তদের দাবি, ত্বিশা আত্মহত্যা করেছেন।















