আজকাল ওয়েবডেস্ক: তামিলনাড়ুতে সার কারখানা থেকে গ্যাস লিক। অসুস্থ ১২ জন ভর্তি হাসপাতালে। জানা গেছে মঙ্গলবার রাত ১২.৪৫ নাগাদ তামিলনাড়ুর এন্নোরের করমণ্ডল ইন্টারন্যাশনাল লিমিটেড নামে একটি বেসরকারি সার কারখানার পাইপলাইন ফুটো হয়ে সেখান দিয়ে অ্যামোনিয়া গ্যাস বার হতে থাকে। সার কারখানাটিতে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় অ্যামোনিয়া। এদিকে, গ্যাস বেরনোর খবর পেয়ে শুরু হয় শোরগোল। ওই সময় কারখানার পাইপলাইনগুলো ঠান্ডা করা হচ্ছিল। আচমকা তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। পাশের বেশ কয়েকটি গ্রামের মানুষ তীব্র গন্ধে অসুস্থ হয়ে পড়েন। শ্বাস–প্রশ্বাসের সমস্যা, গা গোলানোর মতো সমস্যায় ভুগতে থাকেন তাঁরা। ঘুম ভেঙে যায় অনেকের। গ্রামবাসীরা কারখানায় গিয়ে অভিযোগও জানান। খবর পেয়ে রাতেই পুলিশ এবং জেলা প্রশাসনের তরফে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হয়। এখনও অবধি ১২ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বুধবার সকালে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।
Gas Leak: তামিলনাড়ুতে সার কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ১২
















