আজকাল ওয়েবডেস্ক:‌ দিল্লিতে পথ দুর্ঘটনায় মৃতের সংখ্যা ক্রমশই বাড়ছে। পরিসংখ্যান বলছে, দুর্ঘটনার কবলে সবচেয়ে বেশি পড়েছে দু’‌চাকার যান। সেখানে মৃতের সংখ্যা ৪৩ শতাংশ। ২০২২ সালে পথ দুর্ঘটনায় দিল্লিতে মারা গিয়েছিলেন ১,২৬৪ জন। সেখানে ২০২৩ সালে সংখ্যাটা একটু কমে ১,২৫৭। যা শতাংশের বিচারে ০.‌৫৫। 


পরিসংখ্যান বলছে, গত এক বছরে রাজধানীতে গাড়ির সংখ্যা প্রচুর বেড়েছে। ট্রাফিক পুলিশ, কিয়স্ক বাড়ানো হলেও দুর্ঘটনায় রাশ টানা যাচ্ছে না।


বুধবার দিল্লির পুলিশ কমিশনার সঞ্জয় অরোরা একটি পরিসংখ্যান তুলে ধরেন। যেখানে দেখা যাচ্ছে, একাধিক রোডকে দুর্ঘটনাপ্রবণ বলে চিহ্নিত করা হয়েছে। ২০২৩ সালে যে রোডগুলিকে কালো তালিকাভুক্ত করা হয়েছিল তার মধ্যে রয়েছে কাশ্মীরা গেট, মুকারবা চক, লিবাসপুর বাস স্ট্যান্ড, কাশ্মীরা গেট চক, ব্রিটানিয়া চক, ভালসা চক, ওয়াজিরপুর ডিপো, মোরি গেট, গান্ধী বিহার বাস স্ট্যান্ড। এছাড়া আরও দশটি রোডকে চিহ্নিত করা হয়েছে। যেখানে ২০২৩ সালে পথ দুর্ঘটনায় অনেকেই মারা গেছেন। সেই রোডগুলি হল এনএইচ ৮, রোড নম্বর ৫৬, কাঞ্জিয়ালা রোড, এনএইচ ২৪, রোড নম্বর ২০১, প্যাটেল রোড, পাঙ্খা রোড, বিকাশ মার্গ, নারেলা রোড।


পুলিশ কমিশনার দাবি করেছেন, গত এক দশকে দিল্লিতে পথ দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২০ শতাংশ কমেছে। কিন্তু পরিসংখ্যান আদৌ সে কথা বলছে না। পুলিশের দাবি, দু’‌চাকার যানে দুর্ঘটনায় মৃতের সংখ্যা কমে হয়েছে ৩৮ শতাংশ। তাও আসল পরিসংখ্যানের সঙ্গে মিলছে না।