মাত্র ১৫ বছর বয়সেই ভারতীয় ক্রিকেটে আলোড়ন তুলেছেন তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। দুর্দান্ত আইপিএল পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলে জায়গা করে নেওয়া এই প্রতিভাকে কীভাবে সামলাবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট, তা নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে আলোচনা। তবে দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তরুণ ক্রিকেটারকে অতিরিক্ত কোচিং বা পরামর্শ দিয়ে বিভ্রান্ত করার কোনো ইচ্ছা নেই তাদের।
2
10
কোটাকের মতে, আন্তর্জাতিক পর্যায়ের ক্রিকেটারদের নিজস্ব চিন্তাভাবনা, খেলার ধরন এবং সফল হওয়ার নিজস্ব পদ্ধতি থাকে। তাই কোনো নতুন বিষয় যোগ করতে গেলে সময় লাগে এবং খেলোয়াড়ের আস্থা অর্জন করাও জরুরি।
3
10
তিনি বলেন, “কোনো খেলোয়াড়ের সঙ্গে কাজ করা সবসময়ই একটি চ্যালেঞ্জ। এই পর্যায়ে প্রত্যেকের নিজস্ব স্টাইল ও মানসিকতা থাকে। আমরা কিছু যোগ করতে চাইলে তার জন্য সময় এবং বিশ্বাস প্রয়োজন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, কতটা এবং কখন সেই পরামর্শ দেওয়া হবে।”
4
10
তিনি আরও বলেন, “আমরা যদি কোনো কিছু লক্ষ্য করি, তাহলে অবশ্যই সাহায্য করার চেষ্টা করব। তবে শুধুমাত্র যতটুকু প্রয়োজন, ততটুকুই। বারবার পরামর্শ দিলে খেলোয়াড়ের মনে অযথা জটিলতা তৈরি হতে পারে।”
5
10
আইপিএলে রেকর্ড গড়ে জাতীয় দলে। সম্প্রতি রাজস্থান রয়্যালসের হয়ে অসাধারণ একটি মৌসুম কাটিয়েছেন সূর্যবংশী। তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ ৭৭৬ রান সংগ্রহ করে এমভিপি পুরস্কার জেতেন। তার এই বিস্ফোরক পারফরম্যান্সই জাতীয় দলের দরজা খুলে দিয়েছে।
6
10
আসন্ন ম্যাচে যদি তিনি আয়ারল্যান্ডের বিরুদ্ধে বেলফাস্টে অভিষেক করেন, তাহলে তিনি কিংবদন্তি শচীন তেণ্ডুলকরকে ছাড়িয়ে ভারতের ইতিহাসে সর্বকনিষ্ঠ পুরুষ আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে অভিষেকের রেকর্ড গড়বেন।
7
10
ভারতীয় টিম ম্যানেজমেন্ট জানে, এত অল্প বয়সে জাতীয় দলে সুযোগ পাওয়ার ফলে সূর্যবংশীকে ঘিরে প্রত্যাশা ও চাপ দুটোই থাকবে। তাই তাকে নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
8
10
কোটাক বলেন, “গত আইপিএলে তার ব্যাটিং, শট খেলার ধরন এবং সেগুলোর বাস্তবায়ন সত্যিই রোমাঞ্চকর ছিল। মাত্র ১৫ বছর বয়সে বিশ্বের সেরা বোলারদের বিপক্ষে যেভাবে সফল হয়েছে, তা অবিশ্বাস্য। তার প্রতিভা নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত।”
9
10
তিনি আরও জানান, কোচিং স্টাফ আপাতত তার খেলার ধরনে কোনো পরিবর্তন আনার কথা ভাবছে না। “আমরা তাকে দলে আসতে দেব, দেখব আসলে তার কী প্রয়োজন। এমন নয় যে, শুরু থেকেই কোনো নির্দিষ্ট বিষয়ে কাজ করতে হবে। কারণ সে ইতোমধ্যেই ভালো করছে,” বলেন কোটাক।
10
10
এদিকে প্রধান নির্বাচক অজিত আগরকরও একই ধরনের মত প্রকাশ করেছেন। তার মতে, আন্তর্জাতিক ক্রিকেটে চ্যালেঞ্জ অবশ্যই বেশি, তবে সূর্যবংশী ইতোমধ্যেই নিজের বয়সের তুলনায় অনেক বেশি পরিণত মানসিকতার পরিচয় দিয়েছে। ভারতীয় ক্রিকেট মহলের আশা, প্রতিভা ও আত্মবিশ্বাস ধরে রাখতে পারলে ভবিষ্যতে দেশের অন্যতম বড় তারকা হয়ে উঠতে পারেন বৈভব সূর্যবংশী।