গরমের দিনে মাথাব্যথা, শরীর দুর্বল লাগা, মাথা ঘোরা বা বমি বমি ভাব-এই সমস্যাগুলো খুব সাধারণ। অনেকেই ভাবেন, রোদে বেশি ঘোরাঘুরি করেছি বা জল কম খেয়েছি বলেই এমন হচ্ছে। কিন্তু সব সময় বিষয়টা এত সহজ নয়। অনেক সময় এই সাধারণ লক্ষণগুলিই হিটস্ট্রোকের শুরু হতে পারে। তাই বিষয়টিকে হালকাভাবে নেওয়া একেবারেই ঠিক নয়।
2
8
হিটস্ট্রোক হল গরমের কারণে শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া। আমাদের শরীর সাধারণভাবে ঘামের মাধ্যমে নিজেকে ঠান্ডা রাখে। কিন্তু প্রচণ্ড গরমে, বিশেষ করে দীর্ঘক্ষণ রোদে থাকলে বা খুব গরম জায়গায় কাজ করলে শরীর আর নিজেকে ঠান্ডা রাখতে পারে না। তখন শরীরের তাপমাত্রা দ্রুত বাড়তে থাকে এবং হিটস্ট্রোকের ঝুঁকি তৈরি হয়।
3
8
প্রথম দিকে এর লক্ষণগুলো সাধারণ অসুস্থতার মতোই মনে হয়। যেমন মাথাব্যথা, মাথা ঝিমঝিম করা, মাথা ঘোরা, খুব দুর্বল লাগা, অতিরিক্ত ঘাম হওয়া, বমি বমি ভাব, শরীরে টান ধরা, খুব তেষ্টা পাওয়া, দ্রুত শ্বাস নেওয়া বা বুক ধড়ফড় করা। অনেকের মুখ লাল হয়ে যায় এবং শরীর খুব গরম লাগে। কেউ কেউ হঠাৎ খুব ক্লান্ত হয়ে পড়েন।
4
8
যদি সমস্যা আরও বাড়ে, তখন বিপদও বাড়ে। রোগী বিভ্রান্ত হয়ে যেতে পারেন, ঠিকমতো কথা বলতে পারেন না, অস্বাভাবিক আচরণ করতে পারেন, এমনকি অজ্ঞানও হয়ে যেতে পারেন। কারও কারও খিঁচুনি পর্যন্ত হতে পারে। এই অবস্থায় দেরি না করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া দরকার।
5
8
বিশেষজ্ঞদের মতে, শুধু মাথাব্যথা হচ্ছে বলে অবহেলা করা উচিত নয়। যদি মাথাব্যথার সঙ্গে খুব গরম লাগে, প্রচণ্ড দুর্বলতা থাকে, মাথা ঘোরে বা আচরণে পরিবর্তন দেখা যায়, তাহলে সতর্ক হতে হবে।
6
8
প্রথমে রোগীকে ঠান্ডা জায়গায় নিয়ে যেতে হবে। ফ্যানের নিচে বসাতে হবে, আঁটসাঁট জামাকাপড় ঢিলা করতে হবে এবং জল, ওআরএস বা লেবুর জল খাওয়াতে হবে। তবে রোগী যদি অজ্ঞান হয়ে যান, তখন মুখে কিছু খাওয়ানো যাবে না। সরাসরি চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে।
7
8
হিটস্ট্রোক থেকে বাঁচতে দুপুরের রোদ যতটা সম্ভব এড়ানো উচিত। বাইরে বেরলে হালকা রঙের সুতি পোশাক পরুন, ছাতা বা টুপি ব্যবহার করুন এবং বারবার জল পান করুন। শুধু তেষ্টা পেলেই নয়, নিয়ম করে জল খেতে হবে। শিশু, বয়স্ক এবং যারা রোদে কাজ করেন, তাঁদের বেশি সতর্ক থাকা দরকার।
8
8
মনে রাখবেন, গরমে সব মাথাব্যথা সাধারণ ক্লান্তি নয়। কখনও কখনও সেটাই শরীরের বিপদের প্রথম সতর্কবার্তা হতে পারে। তাই সময়মতো লক্ষণ বুঝে ব্যবস্থা নেওয়াই সবচেয়ে জরুরি।