ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার কথা ভেবে অনেকেই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট (এফডি) করেন। কেউ কয়েক মাসের জন্য, আবার কেউ পাঁচ বা দশ বছরের জন্য টাকা জমা রাখেন।
2
9
নির্দিষ্ট সময়ের জন্য টাকা জমা রেখে নিশ্চিত সুদ পাওয়ার সুযোগ থাকায় সাধারণ মানুষের কাছে এফডি বেশ জনপ্রিয়। কিন্তু এর মেয়াদ শেষ হওয়ার আগেই যদি আমানতকারীর মৃত্যু হয়, তা হলে জমা টাকার কী হবে? সেই টাকার সুদ কি আর পাওয়া যাবে? নমিনি কীভাবে টাকা তুলবেন?
3
9
এই বিষয়ে স্পষ্ট নিয়ম রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই)। ২০০১ সালের নির্দেশিকা অনুযায়ী, এফডি-র মেয়াদ শেষ হওয়ার আগেই আমানতকারীর মৃত্যু হলে তাঁর নমিনি বা আইনগত উত্তরাধিকারী ব্যাঙ্ক থেকে জমা টাকা দাবি করতে পারবেন।
4
9
শুধু মূল টাকা নয়, ব্যাঙ্কে টাকা থাকা পর্যন্ত প্রযোজ্য হারে সুদও পাবেন তাঁরা। অর্থাৎ, আমানতকারীর মৃত্যুর দিনেই সুদের হিসাব বন্ধ হয়ে যাবে না। ব্যাঙ্ক যেদিন নমিনি বা উত্তরাধিকারীর হাতে টাকা তুলে দেবে, সেই দিন পর্যন্ত প্রযোজ্য সুদ দিতে হবে।
5
9
উদাহরণস্বরূপ, কোনও ব্যক্তি পাঁচ বছরের জন্য ব্যাঙ্কে ১০ লক্ষ টাকা এফডি করেছেন। কিন্তু তিন বছর পরেই তাঁর মৃত্যু হল। সে ক্ষেত্রে এফডি-র বাকি দু’বছরের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না নমিনিকে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তিনি টাকা দাবি করতে পারবেন। ব্যাঙ্কে টাকা থাকা পর্যন্ত প্রযোজ্য সুদও পাবেন।
6
9
অনেক সময় এফডি-র মেয়াদ শেষ হয়ে গেলেও আমানতকারী টাকা তোলেন না বা নতুন করে এফডি-তে বিনিয়োগ করেন না। এর মধ্যেই তাঁর মৃত্যু হলে নমিনি বা উত্তরাধিকারীর প্রাপ্য সুদ নিয়ে প্রশ্ন ওঠে।
7
9
আরবিআইয়ের নির্দেশিকা অনুযায়ী, এফডি-র মেয়াদ শেষ হওয়ার পর থেকে নমিনি বা আইনগত উত্তরাধিকারীর হাতে টাকা তুলে দেওয়া পর্যন্ত ব্যাঙ্ককে সেভিংস অ্যাকাউন্টের সুদের হার অনুযায়ী সুদ দিতে হবে।
8
9
ধরা যাক, কোনও ব্যক্তির এফডি-র মেয়াদ শেষ হয়েছে ১ জানুয়ারি। ১০ জানুয়ারি তাঁর মৃত্যু হল এবং নমিনি ১ ফেব্রুয়ারি ব্যাঙ্ক থেকে টাকা পেলেন। সে ক্ষেত্রে ১ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের জন্য সেভিংস অ্যাকাউন্টের সুদের হার অনুযায়ী সুদ দিতে হবে ব্যাঙ্ককে।
9
9
এফডি-তে কোনও নমিনির নাম উল্লেখ করা না থাকলেও জমা টাকা আটকে থাকবে না। সে ক্ষেত্রে মৃত আমানতকারীর আইনগত উত্তরাধিকারীরা প্রয়োজনীয় নথি জমা দিয়ে টাকা দাবি করতে পারবেন। এর জন্য আমানতকারীর মৃত্যুর শংসাপত্র, আইনগত উত্তরাধিকারীর শংসাপত্র-সহ ব্যাঙ্কের চাওয়া প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।