বকেয়া মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ নিয়ে বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। মৃত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের নমিনি এবং আইনগত উত্তরাধিকারীদের বকেয়া টাকা পাওয়ার আবেদন জমা দেওয়ার সময়সীমা আরও ৯০ দিন বাড়ানো হয়েছে।
2
6
১৮ নভেম্বর ২০২৬ তারিখে রাজ্যের অর্থ দপ্তরের পেনশন শাখা এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
3
6
অর্থ দপ্তরের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০০৮ সালের ১ এপ্রিল থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের বকেয়া ডিএ/ডিআর প্রদানের জন্য মৃত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের নমিনি বা আইনগত উত্তরাধিকারীদের আবেদন জমা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল ২৩ মার্চ ২০২৬ তারিখের ৭৫-এফ(পেন) নম্বর মেমোর মাধ্যমে। সেই নির্দেশ অনুযায়ী, প্রয়োজনীয় নথি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ-সহ আবেদন জমা দেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারির দিন থেকে ১৮০ দিন সময় দেওয়া হয়েছিল।
4
6
তবে বকেয়া টাকা প্রদানের অগ্রগতি পর্যালোচনা করে অর্থ দপ্তর জানতে পেরেছে, প্রয়োজনীয় নথি সংগ্রহ করতে দেরি হওয়ায় বহু নমিনি ও আইনগত উত্তরাধিকারী নির্ধারিত ১৮০ দিনের মধ্যে আবেদন জমা দিতে পারেননি। তাঁদের সমস্যার কথা বিবেচনা করেই রাজ্যপাল আরও ৯০ দিন সময় বাড়ানোর অনুমোদন দিয়েছেন।
5
6
কোথায় এই আবেদন জমা দেবেন? বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মৃত সরকারি কর্মচারীর ডিএ বকেয়ার জন্য সংশ্লিষ্ট অফিসের Head of Office (HOO)-এর কাছে আবেদন জমা দিতে হবে। অন্যদিকে, মৃত পেনশনভোগীর ডিআর বকেয়ার জন্য সংশ্লিষ্ট Pension Disbursing Authority (PDA)-এর কাছে আবেদন করতে হবে। বর্ধিত সময়সীমার মধ্যে জমা পড়া বৈধ আবেদনগুলি গ্রহণ করে আগের নির্দেশিকা অনুযায়ী প্রক্রিয়াকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
6
6
এই সময়সীমা বাড়ানো ছাড়া, ২৩ মার্চ ২০২৬ তারিখের মূল বিজ্ঞপ্তির অন্যান্য নিয়ম ও শর্তে কোনও পরিবর্তন করা হয়নি। ফলে যাঁরা এখনও আবেদন জমা দিতে পারেননি, তাঁরা প্রয়োজনীয় নথি ও ব্যাঙ্কের তথ্য প্রস্তুত করে বর্ধিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।