রাত জেগে কাজ, বাড়ছে হার্ট ফেলিওর! বদলে যেতে পারে হার্টের গঠন ও কার্যক্ষমতা, কী বলছে গবেষণা?
নিজস্ব সংবাদদাতা
২০ নভেম্বর ২০২৬ ২০ : ০৭
শেয়ার করুন
1
7
কাজের প্রয়োজনে রাত জাগতে হয় অনেককেই। কখনও অফিসের ডেডলাইন, কখনও আবার নিয়মিত নাইট শিফট। তথ্যপ্রযুক্তি, সংবাদমাধ্যম, স্বাস্থ্য পরিষেবা-সহ একাধিক পেশার সঙ্গে যুক্ত বহু মানুষকে দিনের বদলে রাতেই কাজ করতে হয়। কিন্তু নিয়মিত রাত জেগে কাজ করার অভ্যাস যে হৃদ্যন্ত্রের উপরও প্রভাব ফেলতে পারে, তা জানেন কি? সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এমনই উদ্বেগজনক তথ্য।
2
7
European Heart Journal – Cardiovascular Imaging পত্রিকায় প্রকাশিত হয়েছে এই গবেষণাটি। গবেষণায় যুক্ত ছিলেন চিনের ঝেংঝৌ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাঁদের এই গবেষণায় ব্রিটেনের UK Biobank-এর ৪২ হাজার ৬৭১ জন নারী ও পুরুষের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করা হয়েছে।
3
7
অংশগ্রহণকারীদের গড় বয়স ছিল ৫২ বছর। তাঁদের মধ্যে ১,৩২২ জন জানিয়েছেন, তাঁরা নিয়মিত নাইট শিফটে কাজ করেন। গবেষণার শুরুতে যাঁদের আগে থেকেই হৃদ্রোগ ছিল, তাঁদের এই বিশ্লেষণের বাইরে রাখা হয়েছিল।
4
7
গবেষণায় কার্ডিয়াক ম্যাগনেটিক রেজ়োন্যান্স ইমেজিং বা কার্ডিয়াক এমআরআই-এর সাহায্যে হৃদ্যন্ত্রের গঠন পরীক্ষা করা হয়। তাতে দেখা গিয়েছে, যাঁরা নিয়মিত রাতের শিফটে কাজ করেন, তাঁদের হৃদ্যন্ত্রের প্রধান পাম্পিং চেম্বারের তুলনায় দেওয়াল কিছুটা পুরু হতে পারে। পাশাপাশি হৃদ্যন্ত্রের প্রকোষ্ঠের আয়তনও তুলনামূলক ছোট হওয়ার প্রবণতা দেখা গিয়েছে। হৃদ্যন্ত্রের পেশি সংকোচনের একটি মাপকাঠিতেও সামান্য পার্থক্য লক্ষ্য করেছেন গবেষকরা। তবে হৃদ্যন্ত্রের রক্ত পাম্প করার সামগ্রিক ক্ষমতা বোঝার গুরুত্বপূর্ণ মাপকাঠি ইজেকশন ফ্র্যাকশনে উল্লেখযোগ্য কোনও পার্থক্য পাওয়া যায়নি।
5
7
গবেষণায় দেখা গিয়েছে, নিয়মিত নাইট শিফট করা ব্যক্তিদের শরীরে হৃদ্যন্ত্রের জন্য উপকারী ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড DHA এবং ভালো কোলেস্টেরল বা HDL-এর সঙ্গে সম্পর্কিত কিছু উপাদানের মাত্রা তুলনামূলক কম। অন্যদিকে, ট্রাইগ্লিসারাইড এবং প্রদাহের সঙ্গে সম্পর্কিত কিছু উপাদানের মাত্রা বেশি থাকার প্রবণতা দেখা গিয়েছে।
6
7
কেন এমনটা হয়? গবেষকদের মতে, মানুষের শরীরে একটি স্বাভাবিক জৈবঘড়ি রয়েছে। এই ঘড়ি ঘুম, জেগে থাকা, হরমোনের ক্ষরণ এবং বিপাকীয় প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। নিয়মিত রাতে কাজ করলে শরীরের স্বাভাবিক জৈবঘড়ির সঙ্গে ঘুম ও জেগে থাকার সময়ের ছন্দে ব্যাঘাত ঘটে। এর প্রভাব পড়তে পারে রক্তচাপ নিয়ন্ত্রণ, বিপাকীয় প্রক্রিয়া, প্রদাহ এবং রক্তনালির স্বাভাবিক কার্যকারিতায়।
7
7
তবে গবেষকরা জানিয়েছেন, এই পরিবর্তনগুলি গড়ে খুব সামান্য। এর অর্থ এই নয় যে, যাঁরা নাইট শিফট করেন, তাঁদের প্রত্যেকেরই হৃদ্রোগ বা হার্ট ফেলিওর হবে। তবে যাঁরা নিয়মিত রাতে কাজ করেন, তাঁদের হৃদ্স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। ধূমপান এড়িয়ে চলা, নিয়মিত শরীরচর্চা, স্বাস্থ্যকর খাবার খাওয়া, ওজন নিয়ন্ত্রণে রাখা এবং পর্যাপ্ত ঘুম জরুরি। পাশাপাশি ঘুমের সময় যতটা সম্ভব নির্দিষ্ট রাখা এবং রক্তচাপ, কোলেস্টেরল ও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিয়েছেন তিনি।