সংবাদসংস্থা মুম্বই: বৃহস্পতিবার ৭ নভেম্বর ৫১তম জন্মদিনের কেক কাটলেন কিরণ রাও। জানেন কি,শাহরুখ-আমির-সলমনের মধ্যে বলিপাড়ায় তাঁর প্রিয় খান কে? এক সাক্ষাৎকারে নিজেই সে কথা ফাঁস করেছিলেন আমির খানের এই প্রাক্তন স্ত্রী।

 

এক সাক্ষাৎকারে চলাকালীন তিন খানের প্রসঙ্গ উঠে আসে। প্রশ্নকর্তা 'লাপতা লেডিজ'-এর পরিচালককে জানান, শাহরুখের স্ত্রী গৌরী খান কবুল করেছেন পর্দায় নিজের স্বামীর থেকেও আমির খানের অভিনয় দেখতে তিনি বেশি পছন্দ করেন। শুনে খানিক চুপ থেকে কিরণ জানান, তাঁর পছন্দের খান কিন্তু সলমন। আমিরের থেকেও পর্দায় সলমনের ছবি, অভিনয় দেখতে বেশি পছন্দ করেন তিনি! 

 

কিরণের পাশে তখন বসে আমিরও।তখনও তাঁরা বিবাহিত দম্পতি। খানিক অবাক হয়েই 'মিঃ পারফেকশনিস্ট' তাঁকে জিজ্ঞেস করেন সলমনকে বেশি ভাল লাগার কারণ। জবাবে কিরণ বলে ওঠেন, "সলমন পর্দায় হাজির হলেই দারুণ লাগে। আমি সলমনের সব ছবি দেখিনি ঠিকই কিন্তু ও যখন পর্দায় আসে তখন জমে যায়। ব্যক্তিত্বটাই আলাদা সলমনের। আর এমনিতেও ও খুব মজার মানুষ।" কিরণ আরও জানিয়েছিলেন সলমন অভিনীত 'ম্যায়নে প্যায়ার কিয়া' দেখেই সলমনের প্রতি তাঁর ভাললাগা জন্মায় যা আজও অটুট।

 

 

 

প্রসঙ্গত, অস্কারে যাচ্ছে  পরিচালক কিরণ রাওয়ের ছবি 'লাপতা লেডিজ'। আগামী বছর অস্কারে ভারতের এন্ট্রি হিসাবে নির্বাচিত হয়েছে নারী ক্ষমতায়নের উপর তৈরি হওয়া এই ছবি। সলমন খান নিজেও এই ছবির ভূয়সী প্রশংসা করে সমাজমাধ্যমে কিরণকে শুভেচ্ছা জানিয়েছিলেন।

এই বছরের অন্যতম জনপ্রিয় ছবি 'লাপতা লেডিস'।এই ছবির সুবাদে বহু বছর পর ফের পরিচালনায় ফিরেছেন আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও। গত ১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এই ছবি। এইমুহূর্তে সেটির স্ট্রিমিং হচ্ছে ওটিটি -তেও। দর্শক ও সমালোচক, দু'পক্ষেরই ভালবাসা ও প্রশংসা পেয়েছে কিরণ রাও পরিচালিত এই ছবি।‌ বলিউডের তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীরা থেকে শুরু করে পরিচালকেরা এই ছবির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে কিরণ জানালেন, ভবিষ্যতে ফের একবার আমিরের প্রযোজনায় নতুন ছবি বানাতে চলেছেন তিনি!