'ব্যান' বিতর্কে অবশেষে মুখ খুলেছেন রণবীর সিং। তাঁর মুখপাত্রের মাধ্যমে জানানো হয়েছে, “রণবীর সিং চলচ্চিত্র জগত এবং ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত প্রত্যেককে গভীর শ্রদ্ধা করেন। তিনি ইচ্ছাকৃতভাবেই এতদিন নীরব ছিলেন, কারণ ব্যক্তিগত সম্পর্ক ও পেশাগত আলোচনা মর্যাদা এবং পরিণত মানসিকতা দিয়েই সামলানো উচিত বলে তিনি মনে করেন।”
বলিউডে নতুন বিতর্কের কেন্দ্রবিন্দু রণবীর সিং। ‘ডন ৩’ থেকে আচমকা সরে দাঁড়ানোর পর অভিনেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ বা FWICE। সংস্থার তরফে রণবীরের বিরুদ্ধে জারি করা হয়েছে ‘নন-কো-অপারেশন ডিরেকটিভ’, যা কার্যত ইন্ডাস্ট্রিতে তাঁর কাজের উপর বড় প্রভাব ফেলতে পারে।
জানা গিয়েছে, পরিচালক ফারহান আখতার দীর্ঘদিন ধরেই ‘ডন ৩’ নিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু শুটিং শুরুর ঠিক আগে সিনেমা থেকে রণবীরের সরে যাওয়া প্রযোজনা সংস্থার জন্য বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে৷ অভিযোগ, FWICE রণবীরকে একাধিকবার আলোচনায় বসার নোটিস পাঠালেও তিনি সাড়া দেননি। এরপরই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়।
এই ঘটনার পর থেকেই বলিউডে জোর চর্চা শুরু হয়েছে। কেউ বলছেন, বড় তারকাদেরও পেশাদার নিয়ম মানা উচিত। আবার অনেকে মনে করছেন, বিষয়টি আলোচনার মাধ্যমে মিটে যাওয়া উচিত ছিল। FWICE-এর উপদেষ্টা অশোক পণ্ডিত জানিয়েছেন, ইন্ডাস্ট্রির ক্ষতি হয় এমন কোনও আচরণ বরদাস্ত করা হবে না।
তবে বিতর্কের মাঝেও রণবীরের জনপ্রিয়তায় ভাটা পড়েনি। তাঁর সাম্প্রতিক ছবি ‘ধুরন্ধর ২’ বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। কিন্তু ‘ডন ৩’ বিতর্ক শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।















