আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...
ভরতনাট্যম নাচের দৃশ্যে অনন্যাকে কটাক্ষ
বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে ঘিরে নতুন বিতর্ক। 'চান্দ মেরা দিল'(Chand Mera Dil)-এর একটি নাচের দৃশ্যে ভরতনাট্যম ফিউশন পারফরম্যান্স করতে দেখা যায় অনন্যাকে। সেই ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয় তীব্র সমালোচনা। বিশেষ করে শাস্ত্রীয় নৃত্যশিল্পীদের একাংশ এই পারফরম্যান্সকে “ভরতনাট্যমের অপমান” বলেও মন্তব্য করেছেন। বিখ্যাত নৃত্যশিল্পী অনিতা রত্নম কটাক্ষ করে বলেন, “মনে হচ্ছিল ভরতনাট্যমকে জোর করে বন্দি করে রাখা হয়েছে।” তাঁর মতে, নাচের মুদ্রা ও অভিব্যক্তিতে শাস্ত্রীয় নাচের সৌন্দর্য একেবারেই ফুটে ওঠেনি। তবে বিতর্কের মাঝেই ছবির কোরিওগ্রাফি টিম অনন্যার পাশে দাঁড়িয়েছে। তাঁদের দাবি, এটি সম্পূর্ণ ফিউশন পারফরম্যান্স ছিল, যেখানে হিপ-হপ ও আধুনিক স্টাইলের সঙ্গে ভরতনাট্যমের মিশেল দেখানোর চেষ্টা করা হয়েছে। সহকারী কোরিওগ্রাফার জানিয়েছেন, অনন্যা কঠোর পরিশ্রম করেছিলেন এবং চরিত্রের প্রয়োজন অনুযায়ীই নাচটি করা হয়েছিল।
অভিনয়ে ফিরতে চান মীনাক্ষি শেষাদ্রি
৮০ ও ৯০-এর দশকের জনপ্রিয় অভিনেত্রী মীনাক্ষী শেষাদ্রি৷ প্রায় ৩০ বছর পর তিনি প্রকাশ্যে কাজ চেয়েছেন ইন্ডাস্ট্রির কাছে। অভিনেত্রী জানান, নীনা গুপ্তা যেভাবে সোশ্যাল মিডিয়ায় কাজ চেয়ে নতুন করে কেরিয়ার শুরু করেছিলেন, সেই পথেই হাঁটতে চান তিনিও। এক সাক্ষাৎকারে মীনাক্ষী বলেন, “আমি এখনও অভিনয় ভালবাসি। যদি ভালো চরিত্র পাই, অবশ্যই কাজ করতে চাই।” দীর্ঘদিন আমেরিকায় পরিবার নিয়ে থাকতেন। এখন ফের ক্যামেরার সামনে আসতে আগ্রহী তিনি। তাঁর এই ইচ্ছের কথা সামনে আসতেই অনুরাগীদের মধ্যেও নস্ট্যালজিয়া তৈরি হয়েছে।
বরের জন্মদিনে সোহার আদুরে পোস্ট
অভিনেতা কুণাল খেমুর জন্মদিনে ভালবাসায় ভরা এক বিশেষ পোস্ট শেয়ার করলেন স্ত্রী সোহা আলি খান৷ সোশ্যাল মিডিয়ায় পরিবারের ঘনিষ্ঠ মুহূর্তের একগুচ্ছ ছবি পোস্ট করে সোহা লিখেছেন, হ্যাপি বার্থডে মাই ফেভারিট হুম্যান৷ (Happy Birthday to my favourite hooman)। পোস্টে দেখা গিয়েছে কুনালের জন্মদিনের ছোট্ট সেলিব্রেশন, যেখানে উপস্থিত ছিলেন মেয়ে ইনায়াও। একটি ছবিতে কুনাল জড়িয়ে ধরে আছেন সোহাকে৷ অন্য ছবিতে কেক কাটার মুহূর্ত ধরা পড়েছে। এই মিষ্টি পারিবারিক মুহূর্ত দেখে অনুরাগীরাও ভালবাসায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স।















