পদ্মশ্রী প্রসেনজিৎ৷ বাংলা সিনেমার ইতিহাসে তাঁর অবদান অনস্বীকার্য। রাষ্ট্রপতি দৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার নিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি। ভারতীয় সিনেমা এবং বিনোদন জগতে তাঁর অসাধারণ অভিনয় প্রতিভার স্বীকৃতি স্বরূপ এই রাষ্ট্রীয় সম্মান প্রদান করা হল৷ দর্শকাসনে তখন উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
চার দশকের অভিনয় জীবনে বাণিজ্যসফল ছবি থেকে ভিন্নধারার বাংলা সিনেমা- প্রসেনজিৎ-এর অনায়াস অভিনয়৷২০০ এর বেশি ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি। বাংলা সিনেমা তথা বাঙালির জন্য এক গৌরবের দিন৷
পোশাকেও বাঙালিয়ানা বজায় রাখলেন প্রসেনজিৎ৷ সূক্ষ সোনালি সুতোর কাজ করা পাঞ্জাবি পরে পুরস্কার নিতে মঞ্চে উঠলেন৷ প্রয়াত মাকে উৎসর্গ করলেন তাঁর এই সম্মান৷
পুরস্কার প্রাপ্তির পর প্রসেনজিৎ জানান, ভারত সরকারের প্রতি আমি কৃতজ্ঞ, আমাকে এই সম্মাননা প্রদানের জন্য৷ বিগত ৪০ বছরের অভিনয় জীবনে আমার পরিচালক, প্রযোজক সহশিল্পী সকলে আমার অভিনয় জীবনের অংশ, এই সম্মানপ্রাপ্তি আমার একার নয়, এই সম্মান সকলের যাঁরা আমাকে প্রসেনজিৎ বানিয়েছেন।"















