'পরিণীতা' ধারাবাহিকটির মাঝে ক'দিন টিআরপি নম্বর কমলেও ফের নিজের জায়গা ফিরে পেয়েছে। এর মধ্যেই গল্পকে আরও জমজমাট করতে আসছে নতুন টুইস্ট। এখন অনিরুদ্ধর সঙ্গে রায়ানের পিসি পৌষালীর বিয়ের তোরজোড় চলছে। পৌষালীর গায়ে হলুদের অনুষ্ঠানে মেতে উঠেছে রায়ান ও পারুল। একটু একটু করে রায়ান যে পারুলকে মন দিয়ে ফেলেছে তা বুঝতে পারছে সে। বুঝতে পারলেও নিজের মুখে কিছুই বলতে চায় না রায়ান। পারুলকে ভালবাসার কথা বলা তো কোন ছাড়, সে এখনও পর্যন্ত তাকে একপ্রকার অবহেলা করেই যাচ্ছে।
ক'দিন আগেই অনিরুদ্ধকে ভুল বুঝেছিল রায়ান। ভেবেছিল পারুলের সঙ্গে প্রেম করছে সে। তাই অনিরুদ্ধকে দু'চোখে সহ্য করতে পারত না সে। এদিকে, পরে যখন রায়ান জানতে পারে অনিরুদ্ধ পারুলকে নয় তার পিসিকে ভালবাসে তখন আনন্দে আত্মহারা হয়ে যায় সে। এবার পৌষালী ও অনিরুদ্ধর বিয়েতে কী নতুন চমক আসে এই ধারাবাহিকের গল্পে, এখন সেটাই দেখার।
কিছুদিন আগেই গল্পে দেখা গিয়েছিল রায়ানের পিসির আশীর্বাদের ব্যবস্থা করা হয়েছে। সব আয়োজন সাড়া। সকলে অপেক্ষা করছে হবু বরের জন্য। কিন্তু সে কোথায়? খোঁজ পড়ে যায়, কারণ সময়ের মধ্যে আশীর্বাদ না হলে নাকি এই বিয়েতে অনেক বাধা পড়বে।
এর মধ্যেই দেখা যায় পরিণীতার সন্দেহ হয় যে এসবের পিছনে রায়ানের হাত আছে। আর ঠিক তাই। রায়ান তার হবু পিসেমশাইকে ভেবেছে পারুলকে বিয়ে করতে চায়। তাই তাকে বন্দি বানিয়ে রেখেছে। এদিকে পারুল তাদের খুঁজতে যায়। অন্যদিকে দেখা যায় শিরিন মরণ ফাঁদ পেতে রেখেছে। দরজায় বোমা বেঁধে রেখেছে। যাতে পারুল এসে সেই দরজা খুললেই বিস্ফোরণ ঘটে। কিন্তু পারুলকে উদ্ধার করে আনে রায়ান।
প্রসঙ্গত পরিণীতা ধারাবাহিকটির জি বাংলার পর্দায় সোমবার থেকে শনিবার পর্যন্ত দেখা যায়। এই ছয়দিন এই ধারাবাহিক রাত আটটা থেকে সম্প্রচারিত হয়। এই মেগায় মুখ্য ভূমিকায় দর্শক দেখছেন অভিনেতা উদয় প্রতাপ সিং এবং অভিনেত্রী ঈশানী চট্টোপাধ্যায়কে।
