বিরাট চমক আসতে চলেছে জি বাংলার ধারাবাহিক 'কনে দেখা আলো'তে। গল্পের নতুন মোড়ে দেখা যেতে চলেছে মেডিকেল কলেজে অ্যানাটমির ক্লাসে চ্যালেঞ্জ জিতে তাক লাগিয়ে দিল লাজু। অনুভব কলেজের হোয়াইট কোট সেরিমনির ছবি দেখতে চাওয়ায় বন্ধুকে দিয়ে ছবি তুলে পাঠিয়ে দিল সে। এদিকে, বনলতাও বিরাট বিপাকের মুখে। বাড়িতে ঠাম্মিকে খেতে দেওয়ার সময় ময়ূখ ফোনে ব্ল্যাকমেল করায় দিশেহারা হয়ে যায় সে। কী করবে ভেবে পায় না।
এদিকে, লাজুর কলেজের ফ্রেসার্স ওয়েলকাম-এ নৃত্যনাট্যে লাজুর অংশ নিতে চাওয়া নিয়ে বাঁধা দিল সিনিয়র স্টুডেন্টরা। চ্যালেঞ্জ নিয়ে প্রতিযোগিতায় নিজের নাম দিল সে। রাতের বেলায় বাড়িতে লুকিয়ে নাচ প্র্যাকটিসের সময় অনুভবের কাছে ধরা পড়ে গেল লাজু। কী হবে এবার? কলেজের সিনিয়রদের সঙ্গে মুখোমুখি লড়াইয়ের কথা জানতে পেরে অনুভব কি লাজুকে বকবে? নাকি তার এই সাহসকে বাহবা জানাবে? অন্যদিকে, বনলতা কীভাবে ময়ূখের হাত থেকে নিজেকে বাঁচাবে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।
ইতিমধ্যেই, লাজুকে নিয়ে ফের অশান্তি শুরু হয়েছে অনুভবের বাড়িতে। কলেজে পড়া নিয়েও কম কথা শুনতে হয়নি লাজুকে। কিন্তু গ্রামে শ্বশুরবাড়ির সঙ্গে যুক্তিতর্কের খেলায় জিতে গিয়েছে সে। শহরে এসে মেডিকেল কলেজে ভর্তি হলেও থাকার জন্য হস্টেলের জোগাড় হয়নি। তাই বাধ্য হয়ে অনুভবের বাড়িতেই আশ্রয় নিয়েছে সে। কিন্তু লাজুর আবারও ফিরে আসাটা কিছুতেই মেনে নিতে পারেনি বনলতা। কিন্তু বনলতাকে স্ত্রীর মর্যাদা দেয়নি অনুভব। তাই বনলতার খারাপ লাগাটা চোখেই পড়ছে না তার।
এর মধ্যেই বনলতার জীবন তছনছ করতে ফিরে এসেছে তার প্রাক্তন প্রেমিক ময়ূখ। বারবার বনলতাকে হুমকি করে দেখা করার জন্য বাধ্য করতে থাকে সে। বনলতা মনে সাহস নিয়ে দেখাও করে কিন্তু রাস্তায় দেখা হয়ে যায় লাজুর সঙ্গে। লাজু সরল মনে বাড়িতে সবার সামনে বনলতাকে ময়ূখের সঙ্গে দেখেছে সেটা জানিয়ে দেয়। ফলে বিপদ আরও বাড়ে বনলতার।
গল্পের দুই নায়িকার জীবনই এখন দোলাচলে। কী হবে শেষমেশ? উত্তরের অপেক্ষায় অনুরাগীরা। 'কনে দেখা আলো' নিয়ে নেটপাড়ায় চর্চা চললেও এখনও পর্যন্ত সেভাবে টিআরপি তালিকায় জায়গা করতে পারেনি এই ধারাবাহিক। তবে গল্পের নতুন মোড়ে কী হয়, এখন সেটাই দেখার।
