অজয়-অক্ষয়ের ‘গোলমাল’
রোহিত শেট্টি পরিচালিত জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল’ এবার পা রাখতে চলেছে তার পঞ্চম অধ্যায়ে। আর সেই আগেই সামনে এল একেবারে বিস্ফোরক কাস্টিং আপডেট। সূত্রের খবর, ‘গোলমাল ৫’-এ যোগ দিচ্ছেন অক্ষয় কুমার! তবে পরিচিত হাস্যরসের চরিত্রে নয়, বরং ছবির প্রধান খলনায়ক হিসেবে।এই কাস্টিং সিদ্ধান্ত নিঃসন্দেহে চমকপ্রদ। কারণ ‘গোলমাল’ মানেই এতদিন দর্শকের মাথায় ভেসে উঠেছে স্ল্যাপস্টিক কমেডি, গোপাল আর তার বন্ধুবান্ধবের বিশৃঙ্খল কাণ্ডকারখানা। সেই ছকে বড়সড় বদল আনতে চলেছেন রোহিত শেট্টি।
এই ছবির মাধ্যমে আবারও একসঙ্গে পর্দা ভাগ করবেন অজয় দেবগণ ও অক্ষয় কুমার। শেষবার তাঁদের দেখা গিয়েছিল হাই-অকটেন অ্যাকশন ছবি ‘সূর্যবংশী’-তে। ‘গোলমাল ৫’-এ অজয় দেবগন বরাবরের মতোই ফ্র্যাঞ্চাইজির মুখ গোপাল চরিত্রে ফিরছেন। আর তাঁর বিপরীতে খলনায়ক হিসেবে অক্ষয়ের প্রবেশ গোটা সিরিজে আনছে একেবারে নতুন সমীকরণ।‘গোলমাল’ সিরিজে এর আগেও খলনায়ক চরিত্র এসেছে, তবে সেগুলি মূলত কমেডির খোরাক হিসেবেই ব্যবহৃত হয়েছে। কিন্তু অক্ষয় কুমারের মতো একজন তারকাকে ভিলেন হিসেবে আনার অর্থ, এই পর্বে গল্পের স্কেল অনেক বেশি গুরুত্ব পেতে চলেছে। ফলে কমেডির সঙ্গে অ্যাকশন আর মুখোমুখি দ্বন্দ্বের মাত্রা যে বাড়বে, তা বলাই যায়।
আদৌ কি ‘বন্ধু’ রণবীর-ইমরান?
দীর্ঘদিন ধরে বলিউডে ঘুরে বেড়ানো এক মুচমুচে জল্পনার অবসান টানলেন ইমরান খান নিজেই। রণবীর কাপুরের সঙ্গে তাঁর সম্পর্ক ঘিরে যে ‘দূরত্ব’-এর গল্প এতদিন শোনা যাচ্ছিল, তা আদতে ব্যক্তিগত কোনও বিরোধ নয় বরং ইন্ডাস্ট্রির বাস্তবতা আর মিডিয়া ন্যারেটিভের ফল, স্পষ্ট করলেন অভিনেতা।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে খোলাখুলি কথা বলেন রণবীরের সঙ্গে তাঁর সমীকরণ নিয়ে। ইমরান জানান, বয়সের হিসেবে দু’জনের মধ্যে ব্যবধান মাত্র কয়েক মাস। তবুও, তাঁরা কখনও ঘনিষ্ঠ বন্ধুত্বের জায়গায় পৌঁছননি।ইমরানের কথায়, ইন্ডাস্ট্রিতে পা রাখার শুরুর দিকে তাঁদের পরিচয় ছিল মূলত সহ-সমসাময়িক অভিনেতা হিসেবেই। ব্যক্তিগত স্তরে একে অপরকে জানার সুযোগ খুব একটা তৈরি হয়নি। আর সেই ফাঁকেই জন্ম নিয়েছে নানা গল্প, নানা ব্যাখ্যা।এই প্রসঙ্গে ইমরান স্পষ্টভাবে তুলে ধরেন, সম্পর্ক গড়ে ওঠার ক্ষেত্রে বাইরের গল্প আর গুঞ্জনের ভূমিকা কতটা প্রভাবশালী হতে পারে। তাঁর কথায়,“কিছু ব্যক্তিগত মেলামেশা তো হয়ই, কিন্তু তার থেকেও অনেক বেশি তৈরি হয় বাইরের গল্প, যার সঙ্গে আপনার কোনও সরাসরি যোগ থাকে না।” তিনি আরও জানান, এই ধরনের শোনা-কথা, পড়া-খবরই ধীরে ধীরে সম্পর্কের সমীকরণে প্রভাব ফেলে। ইমরানের মতে, “...যেভাবে এই সব গল্প ছড়াতে থাকে, তার ফলে হয়তো সত্যিকারের কোনও সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনাই বাধাপ্রাপ্ত হয়।”সব মিলিয়ে, ইমরান খানের বক্তব্যে স্পষ্ট, রণবীর কাপুরের সঙ্গে তাঁর সম্পর্কের মাঝে কোনও ব্যক্তিগত তিক্ততা ছিল না। বরং বলিউডের চেনা পরিবেশ, প্রতিযোগিতার আবহ আর মিডিয়ার তৈরি করা গল্পই ধীরে ধীরে দুই অভিনেতার মধ্যে এক ধরনের অদৃশ্য দূরত্ব তৈরি করেছে।
শমিতার জীবনে ফের প্রেমের বসন্ত?
শমিতা শেট্টির জীবনে কি ফের প্রেমের বসন্ত? বলিউডে এখন এই প্রশ্ন ঘিরেই কৌতূহল তুঙ্গে। অভিনেত্রীর নাম জড়াচ্ছে টেকনিশিয়ান দীপেশ শর্মার সঙ্গে, আর সেই জল্পনার সূত্রপাত একেবারেই সোশ্যাল মিডিয়া থেকেই।সম্প্রতি শমিতা শেট্টির জন্মদিন উপলক্ষে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেন দীপেশ শর্মা। সেই পোস্টে থাকা একাধিক ছবি, যেখানে শমিতার সঙ্গে দেখা গিয়েছে তাঁর দিদি শিল্পা শেট্টিকেও। নেটপাড়ায় নতুন করে ডেটিং গুঞ্জন উসকে দিয়েছে।ছবিগুলির সঙ্গে দীপেশ যে বার্তাটি লিখেছেন, সেটাই আলোচনার কেন্দ্রে। তিনি লেখেন, “আমার চিরকালের হাসির কারণ। যে আমার সব গল্প জানে, তবুও পাশে থাকে। লভ ইউ, মাই শ্যামস্টার।” অভিনেত্রীর এই এক লাইনই যথেষ্ট ছিল অনুরাগীদের কৌতূহল বাড়িয়ে দেওয়ার জন্য।
দীপেশের পোস্টে শমিতার প্রতিক্রিয়াও নজর এড়ায়নি। অভিনেত্রী মন্তব্য করেন, “আউ”, সঙ্গে লাল হৃদয়ের ইমোজি। সংক্ষিপ্ত হলেও এই প্রতিক্রিয়া গুঞ্জনে আরও রসদ জুগিয়েছে।
