সুর, স্মৃতি আর সামাজিক দায়বদ্ধতার এক সন্ধ্যা সাক্ষী থাকল ফেব্রুয়ারির কলকাতার ক্যাফে ওয়্যারহাউস। শহরের অন্যতম প্রভাবশালী বাংলা রক ব্যান্ড ‘লক্ষ্মীছড়া’ সেখানেই প্রকাশ্যে আনল তাদের নতুন মিউজিক ভিডিও ‘পদবি’। একইসঙ্গে ব্যান্ডের ক্যালেন্ডার লঞ্চও হল এই অনুষ্ঠানের মঞ্চে। সঙ্গীতশিল্পী, চলচ্চিত্রকর্মী ও সাংস্কৃতিক মহলের বহু পরিচিত মুখের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় সময়ের কথকতায়।

 

‘লক্ষ্মীছড়া’-দের দাবি, ‘পদবি’ নিছক কোনও গান নয়। এ এক প্রশ্ন। রঙিন মুখোশে ঢাকা এক সমাজের পটভূমিতে দাঁড়িয়ে এই গান কথা বলে ক্রমশ সঙ্কুচিত হয়ে আসা জীবিকা, স্বাভাবিক হয়ে যাওয়া নীরবতা এবং দৈনন্দিন জীবনে সৌজন্যের অদৃশ্য হয়ে যাওয়ার গল্প। অন্যরকমের সাউন্ডস্কেপ আর তীক্ষ্ণ কথার মাধ্যমে লক্ষ্মীছড়া সমাজের সামনে তুলে ধরে এক আয়না, যার দিকে তাকাতে অনেকেই অস্বস্তি বোধ করেন।

গানটির প্রকাশ অনুষ্ঠানে কথা বলতে গিয়ে ব্যান্ডের লিড ভোকালিস্ট রাজীব মিত্র বলেন,“‘পদবি’ প্রশ্ন তোলে, আমরা ঠিক কীসের সঙ্গে অভ্যস্ত হয়ে পড়েছি? নীরবতা, আপস, আর নিজেদের ভুলে যাওয়া।”গানটির আবেগীমথিত ভাবনা নিয়ে আলোচনা করেন কিবোর্ডিস্ট দেবাদিত্য চৌধুরী। তাঁর কথায়, “লক্ষ্মীছড়া সবসময়ই অস্বস্তিকর প্রশ্ন তুলেছে। ‘পদবি’ সেই ধারারই পরবর্তী অধ্যায় -সৎ, নির্ভীক আর আগুনে।”

 

এক ঝলকে দেখে নেওয়া যাক লক্ষ্মীছড়া-র ব্যান্ড লাইন-আপ

 

রাজীব মিত্র – প্রধান গায়ক

 

দেবাদিত্য চৌধুরী – পিয়ানো

 

বোধিসত্ত্ব ঘোষ – গিটার

 

সঙ্কেত ভট্টাচার্য – বেস

 

গৌরব চট্টোপাধ্যায় – ড্রামস

 

অন্যর্বণ – গীতিকার

 

অনুষ্ঠানের শেষ ভাগে জমে ওঠে সঙ্গীত, গল্প বলার ধরন এবং বাংলায় স্বাধীন শিল্পচর্চার বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে খোলামেলা আলোচনা। ‘পদবি’র মাধ্যমে লক্ষ্মীছড়া ফের একবার প্রমাণ করল তারা সময়ের ক্রনিকলার, আপসহীন, নির্ভীক এবং গভীরভাবে শিকড়ছোঁয়া।

 

উল্লেখ্য, ‘পদবি’ মিউজিক ভিডিওটি ইতিমধ্যেই ইউটিউবে মুক্তি পেয়েছে।