নিজস্ব সংবাদদাতা: টালিগঞ্জ ছেড়ে মুম্বইতে পাড়ি দিলেন অভিনেতা দেব। এবার কি তবে হিন্দি ছবিতে পা রাখলেন বাংলার সুপারস্টার? শুটিংয়ের আগে সমাজমাধ্যমে নিজেই সুখবর ভাগ করে নিলেন অভিনেতা।
এবছর দুর্গাপুজোয় মুক্তি পেয়েছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস প্রযোজিত ছবি 'টেক্কা'। পরিচালনায় ছিলেন সৃজিত মুখোপাধ্যায়। এখনও রমরমিয়ে চলছে সেই ছবি। ছবি মুক্তির পর সম্প্রতি বান্ধবী রুক্মিণী মৈত্রকে নিয়ে বিদেশে ঘুরে এলেন দেব। কিছুদিন আগেই হল ‘টেক্কা’র স্পেশাল স্ক্রিনিংও। আর এবার মুম্বইয়ে পাড়ি দিচ্ছেন দেব।
শনিবার নিজের সমাজমাধ্যমে বড় খবর দিলেন অভিনেতা। এদিন মেকআপ ভ্যান থেকে একটি ছবি পোস্ট করে দেব লিখেছেন, 'হ্যালো মুম্বই'। ছবিতে দেখা যাচ্ছে, দেবের সঙ্গে রয়েছেন তাঁর টিমের সদস্যরা। অর্থাৎ মুম্বইতে যে নতুন কাজ শুরু করলেন টলিউডের 'প্রধান' তা এক প্রকার পরিষ্কার। কিন্তু বিটাউনে কী কাজ করতে চলেছেন? তাও খোলসা করেছেন দেব নিজেই। একটি বিশেষ ব্র্যান্ডের বিজ্ঞাপনের শুটিং করতেই মুম্বইতে হাজির হয়েছেন দেব। তবে শুধুই কি বিজ্ঞাপনের শুটিং, নাকি ছবির জন্যও এবার বলিউডে পথ চলা শুরু করবেন?
ইতিমধ্যেই রুক্মিণী মৈত্র বলিউডে প্রথম কাজ করে ফেলেছেন। তাহলে কি এবার দেবের পালা? যদিও ঘটনাচক্রে মায়ানগরীতে নিজের ছোটবেলা কাটিয়েছেন দেব। বলিউডের ক্যান্টিনে কাজ করতেন গুরুপদ অধিকারী, তাই সেইভাবে দেখতে গেলে বলিপাড়া তাঁর কাছে নতুন নয়। তবে কি টলিউডের পাশাপাশি এবার বলিউডেও তিনি জমি শক্ত করবেন? সময়ই দেবে সেই উত্তর। আপাতত বিজ্ঞাপনের শুটিং নিয়ে বেশ উচ্ছ্বসিত অভিনেতা।
















