রাতারাতি সিদ্ধান্ত বদল নায়কের! মাঝপথেই ছাড়লেন চলতি ধারাবাহিক। কিন্তু কেন? টলিপাড়ার অন্দরে এই নিয়ে চলছে নানা জলঘোলা। যদিও নায়ক নিজের শারীরিক অসুস্থতা কথা জানিয়ে সেই ধারাবাহিক থেকে ইতি টেনেছেন। তবে ইন্ডাস্ট্রির অন্দর মহলে রটছে অন্য কথা। জানা যাচ্ছে, নায়কের স্ত্রীর মধ্যস্থতায় নাকি কাজে ব্যাঘাত ঘটেছে তাঁর। 

নতুন বিয়ে করেছেন‌ নায়ক। স্ত্রীও ছোটপর্দার অভিনেত্রী। তবে বিয়ের পর থেকেই বড্ড 'একা' হয়ে গিয়েছেন নায়ক। মানে, বন্ধু-বান্ধব থেকে শুরু করে শুটিং ফ্লোরেও একঘরে তিনি। নিজেই নাকি নিজেকে গুটিয়ে নিয়েছেন। কারণ নতুন বউ, বরের পাশে অন্য কাউকে মোটেই পছন্দ করেন না। 

এমনকী সহ-অভিনেত্রীর সঙ্গে রোমান্টিক দৃশ্য থাকলে আগে থেকেই শুটিং ফ্লোরেও হাজির হন তিনি। এছাড়াও প্রচারের জন্য সহ-অভিনেত্রীর সঙ্গে ছবি বা রিল পোস্টে ঘোর আপত্তি নায়কের স্ত্রীর। ফলে একেবারে অদৃশ্য শিকল বাঁধা অবস্থায় নায়ক। 

স্ত্রীর কড়াকড়িতেই নাকি শুটিং ফ্লোরে কয়েকবার বচসা তৈরি হয়েছিল তাঁর। তবে কিছুদিন ঠিকঠাক এগোলেও নাকি শেষমেশ স্ত্রীর কাছেই বশ্যতা শিকার করেছেন নায়ক। অবশেষে রাতারাতি মেগা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও এসব পুরোটাই টলিপাড়ার রটনা। নায়কের সহ-অভিনেতা বা সহ-অভিনেত্রীরা এই বিষয়টা এড়িয়েই চলছেন। 

এখন দেখার বিষয় ওই নায়কের পরিবর্তে ধারাবাহিকে অন্য কোনও নায়ককে দেখা যায় কিনা। নাকি অকালেই ইতি টানবে ওই ধারাবাহিক? টলিপাড়ায় এই নিয়েও গুঞ্জন চলছে। আসলে বর্তমানে বিভিন্ন চ্যানেলে আসছে একের পর এক নতুন মেগা। ফলে টিআরপির চাপে তড়িঘড়ি শেষ হচ্ছে অনেক ধারাবাহিক। এই মেগার ক্ষেত্রে কোন সিদ্ধান্ত নেয় চ্যানেল এখন সেটাই দেখার।