জমজমাট ভালবাসার মরশুম। এহেন উষ্ণ প্রেমের আবহে অভিনেত্রী শনয়া কাপুর সম্প্রতি তাঁর অতীত সম্পর্কের এক তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন। এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, বিদেশ সফরে থাকা অবস্থায়ই তিনি ধরে ফেলেন তাঁর তৎকালীন প্রেমিক একসঙ্গে পাঁচজন মেয়ের সঙ্গে সম্পর্ক পাতানোর চেষ্টা করছিলেন!
সম্পর্ক, বিশ্বাসঘাতকতা এবং ‘ইমোশনাল চিটিং’ নিয়ে খোলামেলা আলোচনা করেন শনয়া। তিনি জানান, সেই সময় তিনি ভেবেছিলেন তিনি যেন এক ‘পারফেক্ট’ সম্পর্কে রয়েছেন। “মনে হচ্ছিল, এটাই সেই সম্পর্ক। সব কিছু এত ভাল ছিল যে সত্যি মনেই হচ্ছিল না,” বলেন তিনি।
ঘটনার মোড় ঘোরে এক সাধারণ মুহূর্তে। ডিনারে বেরোনোর আগে তাঁর ফোনের চার্জ শেষ হয়ে যায়। তিনি প্রেমিকের ফোন থেকে ক্যাব বুক করতে চান। ফোন আনলক করার সময় হঠাৎ একটি নোটিফিকেশন চোখে পড়ে -প্রেমিকের প্রাক্তন বান্ধবীর মেসেজ। কৌতূহল ও সন্দেহের বশে তিনি চ্যাট খুলে দেখেন, সেখানে রয়েছে ওই মেয়েটির সঙ্গে তাঁর প্রেমিকের ঘনিষ্ঠ ও অস্বস্তিকর কথোপকথন।
এরপর একের পর এক আরও চার নারীর সঙ্গে তাঁর প্রেমিকের এই ধরনের কথোপকথন সামনে আসে। শনয়ার কথায়, “দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম -পাঁচ জন মেয়ের সঙ্গে সে কথা বলছিল, আর এমন করে সে কথা চালাচ্ছিল, যেন সে সিঙ্গল!” হতবাক অবস্থায় তিনি চ্যাটগুলির স্ক্রিনশট তুলে স্ন্যাপচ্যাটে ঘনিষ্ঠ বন্ধুদের পাঠান। তাঁদের মধ্যে ছিলেন অভিনেত্রী অনন্যা পাণ্ডেও। শনয়ার দাবি, অনন্যা তাঁকে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসার পরামর্শ দেন। তবে বিদেশে থাকায় তখনই সম্পর্ক ছিন্ন করা তাঁর পক্ষে সম্ভব হয়নি।
শনয়া জানান, বাকি তিন দিন তিনি নিজের প্রেমিকের সঙ্গে স্বাভাবিক থাকার ভান করেছিলেন। ডিনার বা বাইরে ঘোরাঘুরি-সব কিছু চললেও ভিতরে ভিতরে তিনি ভেঙে পড়ছিলেন। শেষমেশ প্রেমিক বিষয়টি বুঝতে পেরে তাঁকে দামী কানের দুল উপহার দেন। শনয়া মজা করে সেটিকে “গিল্টি ইয়াররিংস” বলে উল্লেখ করেন। সম্পর্ক ভেঙে গেলেও, সেই দুল তিনি এখনও রাখেন এবং মাঝে মাঝে পরেন। কারণ তাঁর কথায়, “ওগুলো আমি অর্জন করেছি।”
প্রেমিক অবশ্য ঘটনাকে হালকাভাবে দেখানোর চেষ্টা করেন। তাঁর দাবি ছিল, “শুধুই তো মেসেজ করেছি, শারীরিক কোনও ব্যাপারে জড়াইনি।” কিন্তু শনয়ার কাছে বিষয়টি ছিল স্পষ্ট। এটি মানসিক বিশ্বাসঘাতকতা, যা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।
&t=313s
বর্তমানে শনয়া কাপুর তাঁর নতুন ছবি ‘তু ইয়া ম্যায়’-এর প্রচারে ব্যস্ত। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন আদর্শ গৌরব। পরিচালনায় বিজয় নাম্বিয়ার। ওই একই দিনে, ১৩ ফেব্রুয়ারি, মুক্তি পাচ্ছে বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘ও রোমিও’-ও, যেখানে রয়েছেন শাহিদ কাপুর ও তৃপ্তি দিমরি।
ব্যক্তিগত জীবনের তিক্ত অভিজ্ঞতা শেয়ার করলেও, শনয়ার কথায় স্পষ্ট -বিশ্বাসের জায়গা একবার ভেঙে গেলে, সম্পর্ক আর আগের জায়গায় ফেরে না।
