'শুধু তোমারই জন্য' ধারাবাহিকের স্লট ঘোষণা হওয়ার পর থেকেই প্রশ্ন উঠতে থাকে 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকটির ভবিষ্যৎ নিয়ে। এবার জানা গেল শেষ হচ্ছে না ধারাবাহিকটি, বদলে যাচ্ছে সময়। তবে একই সঙ্গে বদলে যাচ্ছে কাস্টিং।
এদিন স্টার জলসার তরফে 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই জানানো হয়েছে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে বিকেল সাড়ে ৫ টার বদলে রাত সাড়ে ১০টা থেকে দেখা যাবে এই ধারাবাহিক। ধারাবাহিকের নতুন প্রোমো এআইয়ের সাহায্যে বানানো হয়েছে যেখানে দেখা যাচ্ছে একজন কনে বিয়ের সাজে বসে রয়েছে। তারপরই শিবলিঙ্গে জল ঢালার দৃশ্য দেখা যায়। আর শেষে এক তরুণকে শহরের রাজপথ ধরে হেঁটে যেতে দেখা যাচ্ছে। কিন্তু কারা তারা সেটা স্পষ্ট নয়।
অন্যদিকে নীল ভট্টাচার্য তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন। সেখানে তাঁর হাতে ধরা 'সাক্ষ্য'র লুকের চশমা। গ্রিন রুমের এই ছবিটি পোস্ট করে অভিনেতা লেখেন, 'শেষ আর একবারের জন্য। ডক্টর সাক্ষ্য চ্যাটার্জির পথ চলা শেষ হচ্ছে।' এই জল্পনা আগে থেকেই শোনা যাচ্ছিল যে বিয়ের পর আর মধুমিতা সরকারকে এই ধারাবাহিকে দেখা যাবে না। যদিও অভিনেত্রী তাঁর তরফে এখনও কিছু জানাননি। কিন্তু নীল জানিয়ে দিলেন যে জল্পনা সত্যিই। ফলে সময় বদলের সঙ্গে সঙ্গে এই ধারাবাহিকে নতুন মুখ দেখা যেতে চলেছে। কিন্তু কারা তাঁরা, কোন চরিত্রেই বা এন্ট্রি নেবেন সেটা স্পষ্ট নয় তার জন্য আগামী ১৮ ফেব্রুয়ারির পর্বেই নজর রাখতে হবে।

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, নীল ভট্টাচার্য অভিনীত 'অমর সঙ্গী' ধারাবাহিকটিও মাত্র ৫-৬ মাসের মাথাতেই বন্ধ হয়ে গিয়েছিল। সেই একই ঘটনার যেন পুনরাবৃত্তি ঘটল। ধারাবাহিক শেষ না হলেও, ফুরাল অভিনেতার চরিত্র।
নতুন ধারাবাহিক 'শুধু তোমারই জন্য' আসায় কোপ পড়ল 'শুভ বিবাহ' ধারাবাহিকে। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি শেষবারের মতো সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। যদিও এই জল্পনা আগে থেকেই শোনা যাচ্ছিল। সুধা ইতিমধ্যেই নকল তেজের আসল রূপ ধরে ফেলেছে। ফলে এবার যবনিকা পতন হতে চলেছে এই মেগার। শুধু তোমারই জন্য ধারাবাহিকে ত্রিকোণ প্রেমের গল্প ফুটে উঠবে। মুখ্য ভূমিকায় আছেন দীপান্বিতা রক্ষিত, শুভ্রজিত সাহা, মন্দিরা।
