'কনে দেখা আলো' ধারাবাহিকে দেখা যাচ্ছে অনুভবের প্রচেষ্টায় মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছে লাজু। থাকছেও ওদেরই বাড়িতে। সেটা নিয়ে বাকিদের বিস্তর আপত্তি থাকলেও, অনুভব তাতে বিশেষ পাত্তা দেয়নি। এর মধ্যেই গল্পে আসছে নতুন চমক। কলেজের অনুষ্ঠানেই কি মনের কথা অনুভবকে বলে দেবে লাজু?
সদ্যই এদিন 'কনে দেখা আলো' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে লাজুর কলেজের অনুষ্ঠানেই চণ্ডালিকা নৃত্যনাট্য চলছে। লাজু প্রকৃতি বা চণ্ডালিকার চরিত্রে নাচ করছে। এই অনুষ্ঠান দেখতে এসেছে অনুভব। অনুষ্ঠান শেষে লাজুর নাচের ভূয়সী প্রশংসা করে সে। জবাবে নায়িকা জানতে চায় বাড়ি থেকে আর কেউ এসেছে কিনা। অনুভব তার উত্তরে জানায়, সেটা হলে কি মন ভরে এই প্রশংসা করতে পারত?
এরপরই দেখা যায়, লাজু নিজের মনে মনে বলছে নাচের সময় যতবার সে চোখ বন্ধ করছে, কেবলই অনুভবকে দেখতে পেয়েছে। কিন্তু এই কথা তাকে অনুভবকে বলতে দেখা যাচ্ছে না। শেষ পর্যন্ত কি অনুভূতির কথা সে জানাতে পারবে? উত্তর আগামী পর্বে দেখা যাবে।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, গল্পে সদ্যই বনলতার প্রেমিককে আনা হয়েছে। সেই প্রসঙ্গে দেখানো হয়েছে লাজু কলেজ থেকে ফেরার সময় রাস্তায় দেখতে পায় বনলতাকে। তবে সে একা নেই। সঙ্গে রয়েছে ময়ূখ, তার প্রেমিকও। কিন্তু লাজুকে দেখতে পেয়ে যেন ভূত দেখার মত চমকে ওঠে বনলতা। লাজু তাকে ডাকেও, কিন্তু সাড়া দেয় না বনলতা। বরং সে তড়িঘড়ি একটি গাড়িতে উঠে পড়ে। এরপর বনলতা বাড়ি ফিরতেই সকলের সামনে লাজু তাকে সেই ছেলেটিকে নিয়ে প্রশ্ন তোলে। হ্যাঁ, তখন সেখানে অনুভবও উপস্থিত। লাজু জানতে চায় বনলতা কোথায় গিয়েছিল। মনে করিয়ে দেয় তাদের রাস্তায় দেখা হওয়ার কথা। কিন্তু সেটা বনলতা পত্রপাঠ অস্বীকার করে। জানায় মোটেই দেখা হয়নি তাদের। জবাবে লাজু ফের বলে তাকে দেখেই বনলতা একটা সাদা গাড়িতে ওঠে, সঙ্গে একটা লম্বা লোক ছিল। এই কথা শুনে বনলতা অস্বস্তিতে পড়লেও কথা ঘুরিয়ে জানতে চায় কোন লম্বা লোক? কেউ ছিল না। দাবি করে লাজুর মাথা খারাপ হয়ে গিয়েছে। তবে স্ত্রী যতই প্রসঙ্গ এড়াতে চাক অনুভব বোঝে যে বনলতা কিছু এড়াতে চাইছে।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, 'কনে দেখা আলো' জি বাংলার পর্দায় সোম থেকে শুক্রবার পর্যন্ত সম্প্রচারিত হয়। এটি রাত সাড়ে ৯ টা থেকে দেখা যায়।
