বাবার অনুমতি ছাড়াই দ্বিতীয় বার বিয়ে করলেন আরবাজ খান! শুধুই বাবা নন, বাড়ির কারও সঙ্গেই নাকি বিয়ে নিয়ে কোনও আলোচনা করেননি। কেবল সবাইকে জানিয়েছেন, তিনি সুরা খানকে বিয়ে করতে চলেছেন। বিয়ের দিন তিনেক পরে এমনই বিস্ফোরক মন্তব্য জনপ্রিয় চিত্রনাট্যকার সেলিম খানের। তাঁর মতে, অনুমতি নেওয়ার প্রয়োজন তিনিও বোধ করেন না। কারণ, সাবালক ছেলে তাঁর ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত নিজেই নিতে পারবেন।

আরবাজের বিয়ে প্রসঙ্গে তিনি আরও জানান, তিনিও অহেতুক কারও ব্যক্তিগত জীবনে নাক গলাতে পছন্দ করেন না। এতে সমস্যা তৈরি হয়। প্রত্যেকে বড় হয়ে গিয়েছে। প্রত্যেকের নিজস্ব মতামত আছে। তাঁর যুক্তি, যাঁরা একসঙ্গে থাকবেন তাঁদের ভাল থাকাটাই জরুরি। এখানে বাকিদের মতামত গৌণ। তাছাড়া, তাঁর ছেলে কোনও অপরাধ করছে না! একমাত্র মালাইকা অরোরা ছাড়া আরবাজের দ্বিতীয় বিয়েতে গোটা পরিবার তাঁর পাশে ছিলেন। অর্পিতা খানের বাড়িতে নিকাহ হয়। নববধূ সুরা বলিউডের জনপ্রিয় রূপটান শিল্পী। এছাড়াও, তিনি রবিনা ট্যান্ডমের ব্যক্তিগত রূপটান শিল্পী।

বিয়েতে সলমন খান আর আরবাজ-পুত্র আরহান খানের নাচ সবার নজর কেড়েছে। আরবাজ নিজেও গেয়েছেন তাঁর দাদার ছবির বিখ্যাত গান, ‘তেরে মস্ত মস্ত দো নয়ন’। এই গানের তালে নাচতে দেখা গিয়েছে ‘ভাইজান’ আর আরহানকে। পরে আলাদা করে তিনি গিটার বাজান। এদিকে, বাবার বিয়েতে ছেলের উচ্ছ্বাস নাকি দমিয়ে দিয়েছে মালাইকাকে। তবে বিয়ের দিন সকালে তিনি সলমনের তরফ থেকে বড়দিনের উপহার পান। রকমারি পোশাক, হট চকোলেট ড্রিংকস-সহ অনেক কিছু। এতদিন সলমন মুখ ফিরিয়েছিলেন ভাইয়ের প্রাক্তন বৌয়ের থেকে। আরবাজ বিয়ে করলেন। মালাইকা কিন্তু ছেলের মুখ চেয়ে একা। সেই কারণেই কি তিনি সহমর্মিতার হাত বাড়িয়ে দিলেন?