নভেম্বরের গোড়ার দিকে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রেম চোপড়া। তবে জটিলতা কাটিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি। অবশেষে তাঁর জামাই, তথা অভিনেতা শরমন যোশী জানালেন ঠিক কী হয়েছে বর্ষীয়ান অভিনেতার। কেমন আছেন তিনি।
ইনস্টাগ্রামে সম্প্রতি শরমন যোশী একটি পোস্ট করেছেন। সেখানে তিনি কথা বলেছেন তাঁর শ্বশুর প্রেম চোপড়ার স্বাস্থ্যের বিষয়ে। জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতার সিভিয়ার অ্যাওর্টিক স্টেনোসিস হয়েছে। এই রোগ ধরার পড়ার পরই তাঁর টিএভিআই চিকিৎসা হয়েছে। এবং তা সফলও হয়েছে। কী এই টিএভিআই চিকিৎসা? এটির মাধ্যমে মহাধমনীর ভালভকে পরিবর্তন করা হয় ওপেন হার্ট সার্জারি না করেও।
কিন্তু কী এই 'সিভিয়ার অ্যাওর্টিক স্টেনোসিস'? এটি হৃদরোগের একটা সমস্যা যেখানে মহাধমনীর ভালভ হঠাৎ করে সরু হয়ে যায়। এতে হার্ট থেকে গোটা শরীরে রক্ত সঠিকভাবে চলাচল করতে পারে না।
এখন কেমন আছেন প্রেম চোপড়া? শরমন যোশী জানিয়েছেন তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন। আগের তুলনায় অনেকটা ভাল আছেন। বাড়িতেই আছেন।
এদিন শরমন তাঁর পোস্টে প্রেম চোপড়ার একাধিক ছবি শেয়ার করেছেন। কোনও ছবিতে বর্ষীয়ান অভিনেতাকে তাঁর চিকিৎসকদের সঙ্গে পোজ দিতে দেখা গিয়েছে, কোথাও অভিনেতাকে দেখা যাচ্ছে তাঁর শ্বশুরের সঙ্গে। প্রেম চোপড়ার বন্ধু, তথা অভিনেতা জিতেন্দ্রকেও একটি ছবিতে দেখা গিয়েছে, তিনি দেখতে এসেছিলেন বন্ধুকে হাসপাতালে।
প্রসঙ্গত নভেম্বরের একদম শুরুর দিকে, ৮ তারিখ মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রেম চোপড়া। তাঁর বুকে সংক্রমণ হয়েছিল। সপ্তাহখানেক হাসপতালের থাকার পর ১৫ নভেম্বর ছাড়া পান। সেই সময়ই তিনি হাসপাতালের বিছানা থেকেই আজকাল ডট ইন-কে জানিয়েছিলেন, 'ব্যাক পেইন নিয়ে ভর্তি হয়েছি। এখন একটু ঠিক আছি। আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছি। এখন একটু ভালই আছি।'
প্রসঙ্গত, বলিউডের অন্যতম জনপ্রিয় এই অভিনেতা ছয় দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র জগতে কাজ করছেন। ‘উপকার’, ‘কাতি পতঙ্গ’, ‘জঞ্জীর’, ‘ববি’ এবং ‘দো রাস্তা’-র মতো বহু হিট সিনেমায় তিনি খলনায়কের ভূমিকায় অভিনয় করে দর্শকের মনে গভীর ছাপ ফেলেছেন। তাঁর সংলাপ “প্রেম নাম হ্যায় মেরা, প্রেম চোপড়া” আজও ভারতীয় সিনেমাপ্রেমীদের মধ্যে অমর হয়ে আছে। কেরিয়ারের দীর্ঘ যাত্রায় প্রেম চোপড়া ২৫০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন এবং বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। তাঁর অভিনয় দক্ষতা ও উপস্থিতি তাঁকে বলিউডের ইতিহাসে এক অনন্য স্থান দিয়েছে।
