রুবেল দাস ছোটপর্দার অতি পরিচিত মুখ। 'যমুনা ঢাকি' থেকে শুরু করে 'নিম ফুলের মধু', 'তুই আমার হিরো', ইত্যাদির মতো একাধিক ধারাবাহিক উপহার দিয়েছেন তিনি। সদ্যই তাঁর একটি ধারাবাহিকের পথ চলা শেষ হল। তারপরই তিনি কেন প্রকাশ্যে সকলের থেকে ক্ষমা চাইলেন? কী ঘটেছে? 

বুধবার, ১৮ মার্চ শেষ হল 'তুই আমার হিরো' ধারাবাহিকের সম্প্রচার। যদিও শুটিং বেশ কদিন আগেই শেষ হয়ে গিয়েছে। এদিন শেষবারের মতো পর্দায় 'শাক্যজিৎ' হিসেবে দেখা গেল রুবেল দাসকে। ধারাবাহিক শেষ হওয়ার পর তাঁর চরিত্রের একগুচ্ছ ছবি পোস্ট করে এদিন তিনি একটি আবেগঘন পোস্ট করেন। একই সঙ্গে সেখানেই ক্ষমা চাইলেন। কিন্তু কেন? 

রুবেল এদিন তাঁর পোস্টে লেখেন, 'শাক্যজিৎ চ্যাটার্জির যাত্রার অবসান হলো আজ। ছোটপর্দায় ভিন্ন চরিত্রের কাজ পাওয়া সহজ নয়। তা স্বত্বেও পাশের বাড়ির ছেলে থেকে সোজা একজন প্রতিষ্ঠিত তারকার ভূমিকায় অভিনয়ের সুযোগ পাওয়া কিছুটা সৌভাগ্যের বটে। আমি আমার দিক থেকে সম্পূর্ণভাবে চেষ্টা করেছি চরিত্র টি কে পূর্ণ রূপ দেওয়ার। তার জন্যে ধন্যবাদ জি বাংলা কে আর আমার সহঅভিনেতা ও অভিনেত্রীদের এবং গোটা টিমকে।' তিনি এদিন তাঁর টিম এবং ধারাবাহিকের নির্মাতাদের ধন্যবাদ জানিয়ে লেখেন, 'ভুল ত্রুটির জন্যে ক্ষমাপ্রার্থী । যারা পাশে ছিলেন তাদের আন্তরিক শ্রদ্ধা ও ভালবাসা, আর যারা ছিলেন না,আগামীদিনে তাদের ও মন জয় করার চেষ্টা করব । ফিরে আসব আবার আপনাদেরই বাড়ির অন্য কোনো কাছের মানুষ হয়ে। আপনাদের আশীর্বাদ চলার পথে পাথেও হয়ে থাকুক।' (পোস্টদাতার বানান অপরিবর্তিত রাখা হল) প্রসঙ্গত এই ধারাবাহিকে রুবেল দাসকে দর্শক একজন তারকার ভূমিকায় দেখেছেন। তাঁর বিপরীতে ছিলেন মোহনা মাইতি।

প্রসঙ্গত, 'তুই আমার হিরো' ধারাবাহিক শেষ হতেই জি বাংলার পর্দায় আসছে নতুন মেগা 'সাত পাকে বাঁধা'। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় রাহুল মজুমদার এবং সম্পূর্ণা রক্ষিতকে দেখা যাবে। বড়লোক বাড়ির অবহেলিত মেয়ে এবং গরিব পরিবারের আদরের ছেলের কীভাবে সম্পর্ক গড়ে ওঠে সেটাই দেখাবে এই ধারাবাহিক। আগামী ১৯ মার্চ বিকেল সাড়ে পাঁচটা থেকে দেখা যাবে 'সাত পাকে বাঁধা'। 

প্রসঙ্গত, 'তুই আমার হিরো' ধারাবাহিকের শুটিং শেষ হতেই স্ত্রী শ্বেতা ভট্টাচার্যর সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিল রুবেল দাস। হিমাচল প্রদেশে বেড়াতে গিয়ে একাধিক ছবি, ভিডিও শেয়ার করেছেন সেখান থেকে। শ্বেতা দাসকে দর্শক শেষবার জি বাংলার জনপ্রিয় মেগা' কোন গোপনে মন ভেসেছে' -তে দেখেছেন। এছাড়া তিনি সাময়িক ভাবে 'দিদি নম্বর ওয়ান' -এর সঞ্চালনা করছিলেন। ফলে রুবেল দাসের ধারাবাহিকের শুটিং শেষ হতেই দু'জনে বেরিয়ে পড়েন হানিমুনের জন্য। ২০২৫ সালে তাঁরা গাঁটছড়া বেঁধেছেন বেশ কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর।