ভারতের ডিজিটাল কনটেন্ট দুনিয়ায় নতুন বাঁক। আর সেই মোড়ে দাঁড়িয়ে অগ্রণী ভূমিকা নিলেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। প্রথমবারের মতো প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন পঙ্কজ ত্রিপাঠী তাঁর নতুন সিরিজ ‘পারফেক্ট ফ্যামিলি’ নিয়ে। ড্রামা ও কমেডির মিশেলে তৈরি এই আট-পর্বের সিরিজটি মুক্তি পাবে ২৭ নভেম্বর, সরাসরি জার সিরিজ (JAR Series)-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। ইউটিউবেই লঞ্চ হতে চলা এই ড্রামেডি সিরিজ আনছে ভারতীয় ডিজিটাল কনটেন্ট দুনিয়ায় এক অভূতপূর্ব পে-মডেল, বিশেষত দীর্ঘ-ফরম্যাট গল্প বলার ক্ষেত্রে যা একেবারে প্রথম উদ্যোগ।
এই রিলিজকে বিশেষ করে তুলছে এর নতুন যুগের পে-মডেল।
১) প্রথম দুটি পর্ব একেবারে বিনামূল্যে
২) আর বাকি ছয়টি দেখা যাবে মাত্র ৫৯ টাকার এককালীন পেমেন্টে।
ভারতেই প্রথমবার দীর্ঘ-ফরম্যাট গল্প বলার ক্ষেত্রে ইউটিউব এমন পে-মডেল আনল, যা ভবিষ্যতে কন্টেন্ট রিলিজিংয়ের নতুন দরজা খুলে দিতে পারে।
৮ পর্বের এই শো প্রযোজনা করেছেন অজয় রাই (জার পিকচার্স) ও মোহিত ছাবরা। পরিচালনায় শচীন পাঠক আর নির্মাতা পলক ভাম্ভরি।
ডিজিটাল প্ল্যাটফর্ম যখন নতুন নতুন রিলিজ মডেল নিয়ে পরীক্ষা করছে, ঠিক তখনই ‘পারফেক্ট ফ্যামিলি’ ইউটিউবে আনছে এক নতুন সম্ভাবনা।
এর আগে ‘সিতারে জমিন পর’-এর মতো কিছু কনটেন্ট থিয়েট্রিক্যাল রানের পর ইউটিউবে রিলিজ হয়েছিল, তবে দীর্ঘ ফরম্যাটের জন্য পে-মডেল এই প্রথম। সিরিজটিতে রয়েছেন গুলশন দেবাইয়া, নেহা ধুপিয়া, মনোজ পাহওয়া, সীমা পাহওয়া, গিরিজা ওক।
সিরিজের গল্প সাজানো হয়েছে এক পরিবারের চারপাশে, যাদের ছোট মেয়েকে ঘিরে ঘটে যাওয়া একটি ঘটনার পর বাধ্য হয়ে থেরাপিতে যেতে হয়। হালকা হাসি-ঠাট্টা, মজার পরিস্থিতি আর উষ্ণতার মধ্য দিয়ে সিরিজটি তুলে ধরে ভারতে মানসিক স্বাস্থ্য নিয়ে থাকা সামাজিক ট্যাবু।
“এই গল্পটা হৃদয়ের খুব কাছে” আবেগঘন স্বীকারোক্তি পঙ্কজ ত্রিপাঠির। প্রযোজকের আসনে প্রথমবার বসে আবেগ সামলাতে পারেননি পঙ্কজ। তাঁর কথায়, “‘পারফেক্ট ফ্যামিলি’ আমার কাছে বিশেষ। গল্পের জন্য যেমন, তেমনই এর সাহসী রিলিজ মডেলের জন্যও। দর্শক আজ নিজেরাই গল্প বেছে নেয়, আর ইউটিউব এখন প্রিমিয়াম কনটেন্টের জন্য শক্তিশালী জায়গা। তাই এই ফরম্যাটে আমার প্রথম সিরিজ করা প্রয়োজনও মনে হয়েছে।”তিনি আরও বলেন, “গল্পটা শুনেই আমি আপ্লুত হয়েছিলাম। এত সংবেদনশীল বিষয়কে শচীন যেভাবে উষ্ণতা আর ভারসাম্য রেখে বলেছেন, তাতে প্রতিটি পরিবার নিজেদের গল্প খুঁজে পাবে।”
এককথায় বলা যেতে পারে সৃজনশীলতার নতুন দিগন্ত খুলছে ইউটিউবের এই পে-মডেল। সিরিজের সহ-প্রযোজক অজয় রাই বললেন, “পর্দায় গল্প বলার ধরন যেমন বদলাচ্ছে, তেমনি বদলাচ্ছে গল্প পৌঁছনোর পথও। ইউটিউব পে-মডেল ভারতীয় নির্মাতাদের জন্য এক নতুন দিগন্ত। আর এই শক্তিশালী কাস্ট আর পঙ্কজের প্রথম প্রোডাকশন...সব মিলিয়ে ‘পারফেক্ট ফ্যামিলি’ এই পরিবর্তনের নিখুঁত উদাহরণ।”
সিরিজের প্রতিটি পর্বের দৈর্ঘ্য ৩৫-৪০ মিনিট, যা বড় বাজেটের ওটিটি সিরিজের মতোই। ডিজিটাল ইন্ডাস্ট্রির পরিবর্তনশীল বাজারে এটি হতে পারে ভবিষ্যতের নতুন রোডম্যাপ-বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছনোর পাশাপাশি নতুন আয়ের পথ এবং সহজ অ্যাক্সেস।
