মেয়ের কথা ভেবে অনিরুদ্ধর সঙ্গে গাঁটছড়া বাঁধে বাণী। কিন্তু নতুন সম্পর্ক শুরু করেও তাতে যেন ঠিক তারা জড়ায়নি। এদিকে বাড়ির লোক চাইছে কাছাকাছি আসুক তারা, এমনকী তাদের মেয়েও। সেই ভেবেই নতুন বাড়িতে ফুলশয্যার আয়োজন করা হয় বাণী এবং অনিরুদ্ধর। আর সেখানেই ঘটতে চলে বড়সড় বিপত্তি! স্ত্রীকে সুখে রাখতে গিয়েই কি অজান্তে বড় বিপদ ডাকবে নায়ক? 

সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'ও মোর দরদিয়া' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা গিয়েছে বাণীর মেয়ে তাকে চোখ বন্ধ করে ঘরে নিয়ে আসে। এদিকে আগে থেকেই চোখ বাঁধা অবস্থায় ঘরে ছিল অনিরুদ্ধ। বাণীর মেয়ে তাদের এক ঘরে ঢুকিয়ে দরজা দিয়ে চলে যায়। অনিরুদ্ধর মা বলে, নতুন বাড়িতে ভালবাসা দিয়ে শুরু হোক তাদের জীবন। 

কিন্তু এদিকে এক ঘরে এভাবে দু'জন দু'জনকে দেখে ঘটে অন্য কাণ্ড। বাণী যখন বোঝে যে তাদের ফুলশয্যার আয়োজন করা হয়েছে, তখন সে অনিরুদ্ধকে বলে কেন তার সঙ্গে সে এভাবে নিজের জীবন জড়াচ্ছে? এতে ভাল হবে না, বরং ক্ষতি হবে। জবাবে নায়ক বলে, সে কেবল প্রিন্সেস আর তাকে ভাল রাখতে চায়। কিন্তু এই কথা মানতে পারে না বাণী। তার মন কু গাইতে থাকে। ভয়ে কাঁটা হয়ে থাকে সে। জানায় তার কপালে বেশি দিন সুখ সহ্য হয় না। যদিও অনিরুদ্ধ তাকে আশ্বাস দেয়, যে কিছু হবে না। এবার সুখ সইবে। আর ঠিক তখনই ঘটে অঘটন। 

নাইট ল্যাম্প ফেটে ঘরে আগুন ধরে যায়। গল্পের খলনায়করা একসঙ্গে হাত মিলিয়ে ষড়যন্ত্র করে এই ঘটনা ঘটায়। তবে কি ফুলশয্যার রাতেই বাণী বা অনিরুদ্ধর মধ্যে কারও কোনও গুরুতর ক্ষতি হবে, বা দু'জনেই কি মৃত্যুর মুখে ঢলে পড়বে? উত্তর আগামী পর্বে পাওয়া যাবে। 

'ও মোর দরদিয়া' ধারাবাহিকটি প্রথম থেকে টিআরপিতে চমক দেখাচ্ছে। রণিতা দাস দীর্ঘ দিন পর ছোটপর্দায় ফিরতেই তাঁর ধারাবাহিককে ভালবাসায় ভরিয়ে দিচ্ছে দর্শক। সেরা পাঁচে থাকছে টিআরপি তালিকায় এই মেগা। স্টার জলসার পর্দায় রোজ দেখা যায় এই ধারাবাহিক। প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে সম্প্রচারিত হয়। তবে এই 'ফুলশয্যায় ফুলঝুরি' বিশেষ পর্বটি আগামী ৯ এবং ১০ ফেব্রুয়ারি সম্প্রচারিত হবে।