ইয়ামি গৌতম সম্প্রতি 'হক' ছবির হাত ধরে দর্শকদের নজর কেড়েছেন। বক্স অফিসে তেমন দাপট না দেখালেও, দর্শক এবং সমালোচকদের থেকে প্রশংসা পেয়েছে অভিনেত্রীর অভিনয়। সদ্যই ওটিটির পর্দায় এসেছে এই ছবি। আর তার মধ্যেই ইয়ামিকে নিয়ে রটে এক অন্য এক খবর।
কী ঘটেছে? সূত্রের খবর অনুযায়ী 'ধুরন্ধর ২' ছবিতে দেখা যাবে ইয়ামি গৌতমকে। আবারও স্বামী আদিত্য ধরের ছবিতে থাকতে চলেছেন অভিনেত্রী। তবে পুরোদমে নয়, একটি ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে। এরপরই বিরূপ প্রতিক্রিয়া আসে নেটিজেনদের থেকে।
জানা গিয়েছে, 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ' ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ইয়ামি গৌতমকে। ভরপুর অ্যাকশন করবেন তিনি এখানে। এই ক্যামিওর জন্য ইয়ামি গৌতম ৫ দিন শুটিং করেছেন বলেও জানা যাচ্ছে।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, এটাই প্রথমবার নয়, যখন আদিত্য ধরের কোনও ছবিতে কাজ করলেন ইয়ামি গৌতম। এর আগে তিনি পরিচালকের 'উড়ি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক', 'ধুম ধাম' এবং 'আর্টিকেল ৩৭০' -এর মতো ছবিগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন এবং নজর কেড়েছেন। ফলে এবার আবার ধুরন্ধর ২ ছবিতে তাঁকে দেখা যাবার খবর রটতেই নেটপাড়া বলছে এটা নাকি নেপোটিজম!
এক ব্যক্তি সমাজমাধ্যমে লেখেন, 'এটা স্ক্রিপ্টের নয়, ঘরের ডিম্যান্ড।' কেউ আবার লেখেন, 'এটাও এক ধরনের স্বজনপোষণ। নিজের ছবিতে স্ত্রীকে কাস্ট করেন।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'খুব প্রত্যাশিত ছিল এটা। না হলেই অবাক হতাম।' যদিও অন্যান্যদের মতে ইয়ামি গৌতম যা দাপুটে অভিনেত্রী তাঁর জন্য এমন ছবি একদম যথাযথ।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, সদ্যই মুক্তি পেয়েছে 'ধুরন্ধর ২' বা 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ' ছবির ঝলক। ১ মিনিট ১২ সেকেন্ডের 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ' ছবির ঝলকে একদিকে দেখা গিয়েছে জসকৃত সিং রঙ্গীর জীবনের কথা। অর্থাৎ হামজার অতীত জীবনের কথা, যখন সে ভারতে ছিল কী কী দেখেছে সে, কীভাবে নিজেকে প্রস্তুত করেছে সবটাই ফুটে উঠেছে ঝলকে। অন্যদিকে দেখা গিয়েছে হামজা লিয়ারির রাজা হয়ে বসেছে। তবে হ্যাঁ, 'ধুরন্ধর' ছবির ঝলকেই যে নৃশংসতা দেখা গিয়েছিল সেটা এখানে নেই। মারকাটারি অ্যাকশন, কিছু শিউরে ওঠা দৃশ্য অবশ্যই আছে। আছে গোলাবারুদ, হিংসার ঝলক। 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ' ছবির ঝলকে সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল এবং আর মাধবনের দেখা মিললেও দেখা গেল না অক্ষয় খান্নাকে। ফলে এই ছবির দ্বিতীয় ভাগে তিনি আদৌ থাকবেন কিনা সেটা স্পষ্ট নয়। টিজারের শেষে সেই জনপ্রিয় ডায়লগ বলতে শোনা যায়, 'ইয়ে নয়া হিন্দুস্তান হ্যায়, ইয়ে ঘর ম্যায় ঘুসেগা ভি, অর মারেগা ভি'। অর্থাৎ 'এটা নতুন ভারত। এরা আপনার দেশে ঢুকবেও আবার মারবেও'। বলাই বাহুল্য কথাগুলো শত্রুপক্ষকে উদ্দেশ্য করে বলা।
'ধুরন্ধর' ছবিটি বক্স অফিসে ১৩০০ কোটি টাকার উপর ব্যবসা করেছিল। এবার পালা 'ধুরন্ধর ২' অর্থাৎ 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ' ছবিটির। দর্শকদের থেকে এই ছবির দ্বিতীয় ভাগ কেমন সাড়া পায় সেটাই দেখার। এখানে মুখ্য ভূমিকায় আবারও রণবীর সিং থাকবেন। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আর মাধবন, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, প্রমুখ। আগামী ১৯ মার্চ বড় পর্দায় মুক্তি পাবে ছবিটি। আদিত্য ধর ছবিটির পরিচালনা করেছেন। জ্যোতি দেশপান্ডে, লোকেশ ধর ছবিটির প্রযোজনা করেছেন।
