দীর্ঘ ১৫ বছরের প্রতীক্ষার পর অবশেষে একসঙ্গে কাজ করতে চলেছেন দক্ষিণী তারকা মহেশ বাবু ও পরিচালক এস এস রাজামৌলি। রাজামৌলির বহু প্রতীক্ষিত মহাকাব্যিক ছবি ‘বারাণসী’-তে মহেশ বাবুকে দেখা যাবে ‘রামচন্দ্র’-এর অবতারে। ছবিতে তাঁর চরিত্রের নাম রুদ্র। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে রাজামৌলির ছবির নির্মাণপ্রক্রিয়া এবং রাম চরিত্রে নিজেকে গড়ে তোলার অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বললেন মহেশ বাবু।
মহেশ বাবুর কথায়, “রাজামৌলির একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। সবকিছুর পিছনে একটা নিয়ম কাজ করে। আমি যখন ‘রাম’-এর চরিত্রে অভিনয় করছি, তখন শুধুই সংলাপ বা অভিনয় নয় - চরিত্রের হাঁটা, দাঁড়ানো, শরীরী ভঙ্গি সবকিছু নিখুঁত হওয়া ভীষণ জরুরি। তিনি চাইতেন, তাঁর ছবির প্রতিটা দিক একেবারে ‘সেরা’ হোক।”
এই নিখুঁততা অর্জনের জন্য একটানা মাসের পর মাস প্রস্তুতি নিতে হয়েছে অভিনেতাকে। মহেশ জানান, গত বছর তিনি টানা দু’তিন মাস কালারি প্রশিক্ষণ নিয়েছেন। কালারি কেরালার এক প্রাচীন ও অত্যন্ত কঠিন মার্শাল আর্ট। তাঁর কথায়, “কালারি করলে শরীর একেবারে খুলে যায়। তখন নির্দিষ্ট স্টান্স করা বা কোনও ভঙ্গিমা ধরা অনেক সহজ হয়ে ওঠে।”
শুধু এখানেই থামেননি রাজামৌলি। মহেশ জানান, তাঁর দৌড়নোর স্টাইলও বদলাতে চেয়েছিলেন পরিচালক। সেই কারণে ছ’মাস ধরে ট্র্যাক অ্যান্ড ফিল্ড দলের সঙ্গে বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন তিনি। অথচ ছবিতে সেই দৌড়নোর দৃশ্য থাকবে মাত্র দু’টি শট। মহেশের বক্তব্য, “এই ছবির জন্য আমি এই ধরনের কমিটমেন্ট দিতে রাজি ছিলাম। কিন্তু আশ্চর্যের বিষয়, সেটা কখনও পরিশ্রম মনে হয়নি। ওই মানসিকতায় থাকলে কাজটাই উপভোগ্য হয়ে ওঠে।”
এর মধ্যেই নির্মাতারা প্রকাশ করেছেন বারাণসী-র বহুল প্রতীক্ষিত গ্র্যান্ড টিজার। সেখানে রুদ্ররূপী মহেশ বাবুকে দেখা যায় রক্তমাখা শরীরে, হাতে ত্রিশূল, একটি বেগবান ষাঁড়ের পিঠে চেপে একেবারে আগ্রাসী ও রহস্যময় অবতারে। টিজার স্পষ্ট করে দিয়েছে, রাজামৌলির এই ছবি শুধু পৌরাণিক নয়, বরং অ্যাকশন ও আবেগে ভরপুর এক ভিজ্যুয়াল স্পেকট্যাকল হতে চলেছে।
ছবিতে মন্দাকিনীর চরিত্রে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। খলনায়কের ভূমিকায় দেখা যাবে পৃথ্বীরাজ সুকুমারনকে। তাঁর চরিত্রের নাম কুম্ভ। কয়েক মাস আগেই প্রকাশ পেয়েছে তাঁদের প্রথম লুক। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অস্কারজয়ী এম এম কীরাবাণী, আর ছবির গল্প লিখেছেন রাজামৌলির বাবা ভি বিজয়েন্দ্র প্রসাদ।
সব মিলিয়ে, ‘বারাণসী’ শুধু একটি ছবি নয়, এ যেন ভারতীয় সিনেমার ইতিহাসে আরেকটি অধ্যায় লেখার প্রস্তুতি। আর সেই অধ্যায়ের কেন্দ্রে রয়েছে ‘রুদ্র’রূপী রাম, রাজামৌলির ক্যানভাসে।
