সংবাদসংস্থা মুম্বই: প্রায় দু'দশক আগে 'রিফিউজি' ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন করিনা কাপুর।এরপর থেকে তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। কাপুর পরিবারের মেয়ে এবং নবাব পরিবারের বধূ করিনা। মা হওয়ার পরেও এগিয়ে চলেছেন এক ভাঙা পথে।
অভিনয় জগতে কাটিয়ে ফেলেছেন ২৫ টা বছর। ২০২৫ সালেই পূর্ণ হবে তাঁর এই মাইলস্টোন। সেই উপলক্ষে অনুরাগীদের জন্য অভিনেত্রী নিয়ে আসছেন বড়সড় চমক। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, আগামী বছর বলিউডের সবচেয়ে বড় বাজেটের ছবিতে অভিনয়ের জন্য ইতিমধ্যেই চুক্তি স্বাক্ষর করে ফেলেছেন তিনি। গোটা দেশজুড়ে মুক্তি পেতে চলেছে ছবিটি। জানা যাচ্ছে, এখন একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে ছবির পরিকল্পনা। কিন্তু করিনার চরিত্রটি হতে চলেছে একেবারে অন্যরকম। এর আগে এই ধরনের চরিত্রে দর্শক নাকি ভাবতেও পারেননি অভিনেত্রীকে। এই চরিত্রে অভিনয়ের মাধ্যমে নাকি এই প্রথম বড় চ্যালেঞ্জ নিতে চলেছেন করিনা।
সম্প্রতি, প্রযোজক হিসাবে প্রথমবার আত্মপ্রকাশ করেছেন করিনা৷ পাশাপাশি কোনও থ্রিলার ছবিতে গোয়েন্দার চরিত্রেও প্রথমবার পর্দায় দেখা গিয়েছে অভিনেত্রীকে৷ মুক্তি পেয়েছে 'দ্য বাকিংহাম মার্ডার্স'। ছবিতে একাধারে তিনি একজন মা আবার একজন গোয়েন্দা। বাকিংহামের এক মৃত্যুর রহস্য কিনারা করতে দেখা যায় অভিনেত্রীকে৷ সন্তান হারানোর পর কীভাবে করিনা সত্য সন্ধানে পুলিশের সঙ্গে কাজ শুরু করেন তারই ঝলক তুলে ধরা হয়েছে ছবিতে।
















