সংবাদসংস্থা মুম্বই: বি-টাউনের অন্দরে অনেকদিন ধরেই গুঞ্জন, চিত্রনাট্যকার রাহুল মোদির সঙ্গে প্রেম করেছেন বলি অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি দু'জনের কেউই। কিন্তু বলিউডের নৈশ পার্টি হোক বা অনুষ্ঠান, একাধিকবার তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে৷ সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি পোস্ট করতেও দেখা যায় যুগলকে। অনুরাগীদের প্রশ্ন কবে চার হাত এক হচ্ছে তাঁদের? এবার এই বিষয়ে মুখ খুললেন শ্রদ্ধা। 

'স্ত্রী ২'-এর প্রচারে তাঁকে লাল শাড়িতে দেখে মুম্বই সংবাদমাধ্যমের তরফে প্রশ্ন আসে, কবে বিয়ে করছেন অভিনেত্রী? উত্তরে শ্রদ্ধা ছবির ডায়লগকেই হাতিয়ার করে জানান, সে স্ত্রী, তাঁর যখন ইচ্ছে তিনি তখন কনের রূপে ধরা দেবেন। অভিনেত্রীর এই উত্তরে চর্চিত প্রেমিক রাহুল মোদির সঙ্গে তাঁর বিয়ের গুঞ্জন আরও বাড়িয়ে দিয়েছে অনুরাগী মহলে। শ্রদ্ধার ঘনিষ্ঠ সূত্রের খবর, ‘তু ঝুটি ম্যায় মক্কর’ ছবির সেটেই তাঁদের প্রথম দেখা হয়েছিল৷ সেখান থেকেই বন্ধুত্ব এবং প্রেমের শুরু।

প্রসঙ্গত, অপেক্ষার অবসান ঘটিয়ে স্বাধীনতা দিবসে মুক্তি পেতে চলেছে রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিনীত 'স্ত্রী ২'। আর অমর কৌশিক পরিচালিত এই ছবির হাড়হিম করা ট্রেলার সামনে এল। হরর কমেডি ঘরানার এই ছবিতে আরও ভয়ঙ্কর রূপে ধরা দিতে চলেছেন শ্রদ্ধা। ইতি মধ্যেই 'স্ত্রী ৩'-এর ইঙ্গিত দিয়েছেন পরিচালক। বলিউডের হরর ছবির ফ্রাঞ্চাইজিতে জায়গা করে নিয়েছে এই ছবি।