আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...


বড় সম্মান: কী বিষয় বললেন রহমান? 

প্রায় ৪০০০ কোটি টাকার বাজেটের ‘রামায়ণ’ ছবিকে ঘিরে ইতিমধ্যেই তুমুল উত্তেজনা। এবার সেই ছবিতে একসঙ্গে কাজ করছেন দুই অস্কারজয়ী সুরকার এ আর রহমান ও হ্যান্স জিমার। একসঙ্গে কাজ করার এই সুযোগকে “বড় সম্মান” বলে উল্লেখ করেছেন রহমান। তাঁর কথায়, “হ্যান্স জিমারের নামই বহু মানুষকে সিনেমা হলে টেনে আনবে।” নিতেশ তিওয়ারি পরিচালিত এই ছবিতে রামের ভূমিকায় রয়েছেন রণবীর কাপুর। ছবির বিশাল স্কেল ও আন্তর্জাতিক মানের মিউজিক ইতিমধ্যেই দর্শকদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে৷ 

'মা বেহেন'-এ মাধুরীর সঙ্গে মুখ্য চরিত্রে দেখা যাবে কাকে? 

 মাধুরী দীক্ষিত ও তৃপ্তি ডিমরিকে একসঙ্গে দেখা যাবে নতুন ক্রাইম-কমেডি ‘মা বেহেন’-এ। ছবিটি আগামী ৪ জুন থেকে নেটফ্লিক্সে আসছে৷ সুরেশ ত্রিবেণী পরিচালিত এই ছবির গল্প আবর্তিত হয়েছে এক মা ও তাঁর দুই মেয়েকে ঘিরে। হঠাৎ তাঁদের রান্নাঘরে একটি মৃতদেহ পাওয়া যাওয়ার পর শুরু হয় একের পর এক ঘটনা। ছবিতে অভিনয় করেছেন রয়েছেন রবি কিষাণ, ধরনা দুর্গা, গীতাঞ্জলি কুলকার্নি ও অরুণোদয় সিং।
ডার্ক কমেডির মোড়কে তৈরি এই ছবির ট্রেলার ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে।


'ধুরন্ধর' কোন আশার আলো দেখিয়েছে অনিতা কানওয়ালকে? 

অভিনেত্রী অনিতা কানওয়াল সম্প্রতি ‘ধুরন্ধর’ ছবিকে ঘিরে নিজের অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন। তাঁর মতে, এই ছবিই তাঁকে নতুন করে আশার আলো দেখিয়েছে। একইসঙ্গে সহ-অভিনেতা রাকেশ বেদির প্রশংসাও করেছেন তিনি। পুরনো দিনের শুটিংয়ের স্মৃতিও তুলে ধরেন অনিতা। তিনি জানান, অক্ষয় খান্না সেটে খুবই সিরিয়াস ও মনোযোগী থাকতেন। অন্যদিকে অর্জুন রামপাল ছিলেন একেবারে প্রাণখোলা, ‘মস্ত মৌলা’ স্বভাবের। অভিনেত্রীর এই খোলামেলা মন্তব্য ইতিমধ্যেই বলিউড অনুরাগীদের মধ্যে চর্চার বিষয় হয়ে উঠেছে।