ওড়িশা–পশ্চিমবঙ্গ সীমান্তের তালসারি সমুদ্রসৈকতে শুটিং চলাকালীন জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যু ঘিরে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই তালসারি মেরিন পুলিশ স্পষ্ট জানিয়েছে, শুটিংয়ের জন্য নেওয়া হয়নি কোনও পুলিশি অনুমতি, এমনকী থানাকেও জানানো হয়নি! ২৯ মার্চ ‘ভোলে বাবা পার করে গা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন ডুবে মৃত্যুর ঘটনা ঘটে অভিনেতার। জানা গিয়েছে, ২৭ মার্চ থেকেই ওই সৈকতে শুটিং চলছিল।এই ঘটনার প্রেক্ষিতে ‘ভোলে বাবা পার করে গা’ ধারাবাহিকের প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, চিত্রনাট্যে গভীর জলে নামার কোনো দৃশ্যই ছিল না। দুর্ঘটনার সময় তিনি নিজে সেটে উপস্থিত ছিলেন না, তাই ঠিক কী ঘটেছিল সে বিষয়ে বিস্তারিত বলা তাঁর পক্ষে সম্ভব নয়। উল্লেখ্য, লীনার প্রযোজিত অনেক ধারাবাহিকেই আগে দেখা গিয়েছে রাহুলকে। আজকাল ডট ইন-এর তরফে লীনা গঙ্গোপাধ্যায়কে একাধিকবার ফোন করা হলেও সাড়া পাওয়া যায়নি।
এহেন আবহে রবিবার সন্ধ্যা থেকেই তোলপাড় নেটমহল। শোকাচ্ছন্ন টলিপাড়া। রাহুলের মৃত্যুতে শোকাহত বর্ষীয়ান পরিচালক প্রভাত রায়।জাতীয় পুরস্কারজয়ী পরিচালক প্রভাত রায় সামাজিক মাধ্যমে জানিয়েছেন তাঁদের দীর্ঘ ১৮ বছরের অপূর্ণ ইচ্ছার কথা। ২০০৮ সালের ব্লকবাস্টার ‘চিরদিনই তুমি যে আমার’-এর আগেই রাহুল-প্রিয়াঙ্কাকে নিয়ে ‘পালাবদল’ নামে একটি ছবির পরিকল্পনা করেছিলেন তিনি। লুক টেস্ট থেকে চুক্তি সই— সব সারা হলেও প্রযোজকের অসুস্থতায় সেই ছবি আর আলোর মুখ দেখেনি।
প্রভাত রায় আরও লিখলেন, “ছবিটি আর হয়নি ঠিকই, কিন্তু তারপর থেকে বর্তমান সময় পর্যন্ত রাহুলের কাছ থেকে যে সম্মান ও ভালবাসা পেয়েছি, তা ভোলার নয়। অসাধারণ ব্যবহার, দারুণ গুণী শিল্পী, মানুষ হিসেবেও অত্যন্ত সংবেদনশীল। তার থেকেও বড়ো কথা, যারা আমার মেয়েকে নিঃস্বার্থভাবে স্নেহ করে, আগলে রাখে—তাদের প্রতি আমার আবেগ সবসময়ই একটু বেশি। রাহুল তাঁদের মধ্যেই একজন ছিল।” এখানেই শেষ নয়। তিনি আরও লিখেছেন, “... শুধু একটি আক্ষেপ রয়ে গেল। আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও ওর পডকাস্টে আর যাওয়া হলো না...একটা তরতাজা প্রাণ এভাবে চলে গেল…।”
রাহুলের মৃত্যুর আগে ঠিক কী ঘটেছিল, তা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। সোশ্যাল মিডিয়ায় ভিন্ন ভিন্ন দাবি ঘুরলেও পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সমুদ্র থেকে উদ্ধার করার পর অভিনেতাকে দ্রুত দিঘা সাব-ডিভিশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যা তালসারি থেকে প্রায় ১০–১২ কিলোমিটার দূরে। এরপর সন্ধ্যা প্রায় ৬টা ১০ নাগাদ চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
চোখের সামনেই পুরো ঘটনাটা ঘটে রাহুলের ড্রাইভার বাবলুর। রাত পোহালেও মেনে নিতে পারছেন না তিনি। দীর্ঘ ১৬ বছর ধরে রাহুলের সারথী তিনি। আজকাল ডট ইন-কে এক সাক্ষাৎকারে তিনি বললেন, “শুটিংয়ের সময় নায়িকার হাত ধরে জলের দিকে এগিয়ে যাওয়ার সিন ছিল। দাদা তাই-ই করছিলেন। হঠাৎই জলের তোড়ে তলিয়ে যেতে থাকেন। টেকনিশিয়ানরা সবাই ছুটে যায় উদ্ধার করার জন্য। নায়িকাও পড়ে যান। দু'জনকেই উদ্ধার করা হয়। তখনও শরীরে প্রাণ ছিল। কিন্তু ততক্ষণে অনেকটা জল খেয়ে ফেলেছিলেন দাদা। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ডাক্তার বলেন রাস্তাতেই নাকি সব শেষ হয়ে গিয়েছে।”রবিবার রাতে এ খবর পাওয়া মাত্রই শুটিং ছেড়ে দক্ষিণ কলকাতায় নিজেদের বাড়িতে পৌঁছন প্রিয়াঙ্কা সরকার। এরপর ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি পরিবারের পক্ষ থেকে প্রথম প্রতিক্রিয়া জানান। প্রিয়াঙ্কা লিখেছেন, “এই সময়টা আমাদের কাছে চরম শোক এবং গভীর হতাশার। দয়া করে আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন। একটি শিশু (সহজ), একজন মা এবং গোটা পরিবার এই অপূরণীয় ক্ষতি সামলানোর চেষ্টা করছে।” সংবাদমাধ্যমের কাছেও এই কঠিন সময়ে পাশে থাকার আর্জি জানিয়েছেন তিনি।
&t=2069s















