মেট গালায় শাহরুখ খানের প্রথম পদার্পণ ছিল ভারতীয় ভক্তদের কাছে এক ঐতিহাসিক মুহূর্ত। সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা সম্পূর্ণ কালো পোশাক, কালো চশমা, ভারী রুপোর গয়না, বুকে ঝোলানো বড়সড় 'কে' অক্ষরের লকেট এবং হাতে রাজদণ্ড— ‘কিং খান’-এর সেই উপস্থিতি মুহূর্তে ভাইরাল হয়েছিল।
কিন্তু সম্প্রতি ফ্যাশন ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটর সুফি মোতিওয়ালা শাহরুখের সেই লুকের কড়া সমালোচনা করেছেন৷
সুফির স্পষ্ট মন্তব্য— “আমি শাহরুখের সাজপোশাক নিয়ে কটাক্ষ করেছিলাম, সেটা সকলেই জানেন। ওটা ট্যাকি লাগছিল। ওই কে অক্ষরের লকেটটা দেখে মনে হচ্ছিল, হিল রোডের কোনও দোকানে পাওয়া যেত!” তাঁর মতে, এমন এক বিশ্বমঞ্চের জন্য এটি আদৌ যথেষ্ট ছিল না।
মেট গালা ২০২৫-এর থিম ছিল ‘ব্ল্যাক ড্যান্ডিজ়ম’— যা মূলত আফ্রিকান-আমেরিকান পুরুষদের ফ্যাশনের মাধ্যমে এক প্রতীকী বিদ্রোহ, পরিচয় ও আত্মপ্রকাশের ঐতিহাসিক ভাষা।
সুফির বক্তব্য, “ড্যান্ডিজ়ম মানেই ফ্যাশনের মধ্য দিয়ে বিদ্রোহের প্রকাশ৷ কিন্তু শাহরুখের পোশাকে সেই বিদ্রোহের লেশমাত্র ছিল না। ওটা যেকোনো সাধারণ রেড কার্পেটের লুকের মতোই দেখাচ্ছিল— মেট গালার থিমের কোনো রেফারেন্সই নেই।”
তিনি আরও বলেন, "এত দূর নিউ ইয়র্ক যাওয়া, এত বড় সিটের দাম দেওয়া, সব্যসাচীকে দিয়ে পোশাক বানানো— তারপরও এই? অন্তত একটু পরিশ্রম করা যেত একটা স্মরণীয় কিছু তৈরি করার জন্য।”
'মেট গালা'য় পরিচালক কারণ জোহর ও শাহরুখ পাশাপাশি দাঁড়ালে— কারণ-ই এগিয়ে থাকবেন বলেও জানিয়েছেন। তিনি বলেন, “করণ পুরোপুরি শাহরুখকে ছাপিয়ে গেছেন। তাঁর বেল্টটা আমার চাই! কারণের লুকেই থিম স্পষ্ট, রেফারেন্স স্পষ্ট।
মণীশ মালহোত্রার তৈরি করা পোশাক পরেছিলেন করণ। রাজা রবি বর্মার ছবি থেকে অনুপ্রাণিত ছিল এই পোশাক। ৫,৮০০ ঘণ্টার শ্রম, হাতে আঁকা ক্যানভাসে নির্মিত ছিল এই পোশাক৷
সুফি মোতিওয়ালা ভারতের অন্যতম জনপ্রিয় ফ্যাশন-কনটেন্ট ক্রিয়েটর। ইনস্টাগ্রাম ও ইউটিউবে লক্ষাধিক ফলোয়ার। বলিউড সেলিব্রিটিদের ফ্যাশন নিয়ে স্পষ্টবাদী, রসিক ও তীক্ষ্ণ বিশ্লেষণের জন্য তিনি পরিচিত। তিনি সমালোচনা করতে ভয় পান না৷
সুফির এই মন্তব্যে সোশ্যাল মিডিয়া দ্বিধাবিভক্ত। একদল ভক্ত ক্ষুব্ধ হয়ে বলেছেন,"শাহরুখ এমনিই আইকনিক, ওঁর লুক বিচারের দরকার নেই।” আরেক দল সুফির পক্ষ নিয়ে বলেছেন, “অবশেষে কেউ সত্যি কথাটা বলেছেন। থিম-পার্টিতে গিয়ে থিম ফলো না করলে তো প্রশ্ন উঠবেই।”















