আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...

ট্রোলের জবাবে আলিয়ার ৬ শব্দের উত্তর 

কান চলচ্চিত্র উৎসব ২০২৬-এ গ্ল্যামার ছড়ানোর পর এবার আলিয়া ভাট ভাইরাল হয়েছেন ট্রোলের জবাব দিয়ে৷ বুধবার কাস্টম ক্রিম-রঙা সিল্ক শাড়ি-গাউন লুকের একটি রিল ইনস্টাগ্রামে শেয়ার করেন আলিয়া। প্রশংসার বন্যার মাঝে এক ব্যবহারকারী মন্তব্য করেন— “কী আফসোস, কেউ তো তোমাকে লক্ষই করল না।” সঙ্গে একটি হাসির ইমোজি। আলিয়ার জবাব, "আফসোস কেন বন্ধু? তুমিই তো লক্ষ করলে।” সঙ্গে হাসির একটা ইমোজি দিয়েছেন আলিয়া৷ মুহূর্তেই ভাইরাল এই উত্তর। প্রসঙ্গত, কয়েকটি ভিডিওয় বিদেশি পাপারাজ্জিরা আলিয়াকে চিনতে পারেননি বলে অভিযোগ। এই নিয়েই শুরু হয়েছিল ট্রোলিং। তবে এক ছোট্ট মন্তব্যে আলিয়া দেখিয়ে দিলেন, মাথা ঠান্ডা রাখাই সবচেয়ে বড় উত্তর।


‘কিং’-এর সেট থেকে লিক অভিষেক বচ্চনের ‘রাফ-অ্যান্ড-টাফ’ লুক!

শাহরুখ খান অভিনীত বহুপ্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘কিং’-এর সেট থেকে ফাঁস হল অভিষেক বচ্চন-এর প্রথম লুক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিগুলিতে অভিষেককে দেখা যাচ্ছে— পাহাড়ি পরিবেশে একটি গাড়ির উপর দাঁড়িয়ে রয়েছেন। পরনে দীর্ঘ ধূসর ওভারকোট, ভেতরে কালো পোশাক, হাতে বন্দুক। এক ব্যবহারকারী লিখেছেন— “ঠিক যেন ‘করণ অর্জুন’-এর ঠাকুর দুর্জন সিং!”
ছবিতে শাহরুখের সঙ্গে অভিষেক, দীপিকা, রানি মুখার্জি, জ্যাকি শ্রফ, রাঘব জুয়াল, সৌরভ শুক্লা এবং সুহানা খান রয়েছেন৷ ২৪ ডিসেম্বর ২০২৬-এ মুক্তির কথা ভাবা হয়েছে৷ 


‘রামায়ণ’ মুক্তির আগেই অযোধ্যায় জমি কিনলেন রণবীর!

নীতেশ তিওয়ারি-পরিচালিত ‘রামায়ণ’-এ ভগবান রামের চরিত্রে আবির্ভাবের আগেই রণবীর কাপুর কিনলেন অযোধ্যায় জমি। ৩.৩১ কোটি টাকা মূল্যের ২,১৩৪ বর্গফুট প্লটটি ‘হাউস অফ অভিনন্দন লোধা’ পরিচালিত ‘দ্য সরযূ’— সরযূ নদীর তীরে ৭৫ একরের বিলাসবহুল আবাসন প্রকল্পের অংশ।
বিবৃতিতে রণবীর বললেন, “আমি বিশ্বাস করি, অযোধ্যা আমাকে বেছে নিয়েছে— আমি শুধু ডাকে সাড়া দিয়েছি। এই জমি পরিবারের কাছে আমার উত্তরাধিকার হয়ে থাকবে।” এর আগে অমিতাভ বচ্চনও ২.৬৭ একর জমি কিনেছিলেন ৩৫ কোটি টাকায়। রাম মন্দির প্রকল্পের পর অযোধ্যায় বাণিজ্যিক বিনিয়োগ ও আধ্যাত্মিক পর্যটন ক্রমবর্ধমান।