ভৌতিক রেলওয়ে স্টেশন বেগুনকোদর। কমবেশি এই স্টেশনের নাম সবাই শুনেছেন। এই স্টেশনের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু ভৌতিক কাণ্ড। কিন্তু রয়েছে রহস্যের ছাপও। ভূত-মানুষের উপাখ্যান নিয়ে এবার রহস্য উন্মোচনে এগিয়ে এসেছেন পরিচালকদ্বয় সুচন্দ্রা ভানিয়া ও চন্দ্রদয় পাল। ছবির নাম 'পরবর্তী স্টেশন বেগুনকোদর'। এই ছবির তিন মুখ্য চরিত্রে দেখা যাবে সোহম মজুমদার, দেবরাজ ভট্টাচার্য ও স্যান্ডিকে। 

ছবিতে 'মুস্তাক'-এর চরিত্রে স্যান্ডি, 'অর্ঘ্য'র চরিত্রে দেবরাজ, ও নয়ন'-এর চরিত্রে সোহমকে দেখা যাবে। গল্পে তিনজন বেগুনকোদর যায় ভৌতিক রহস্যের সমাধান করতে। সেখানে পৌঁছে কী হয় তাঁদের সঙ্গে? কোন সত্যির মুখোমুখি হন তাঁরা? উত্তর মিলবে ছবির গল্পে। ইতিমধ্যেই কলকাতার অংশের শুটিং শেষ হয়েছে এই ছবির। এরপর বাকিটা হবে আউটডোরে। 

সোহম ও দেবরাজকে দর্শক চেনেন বেশ ভালভাবেই। হিন্দি ও বাংলা মাধ্যমে চুটিয়ে কাজ করছেন সোহম। অন্যদিকে, ছবি থেকে ওটিটির দুনিয়ায় দেবরাজ বিভিন্ন চরিত্রে দর্শকের মন জয় করেছেন। স্যান্ডির গল্পটা একটু আলাদা। বেশ কয়েক বছর ধরে ইন্ডাস্ট্রিতে থাকলেও এখনও পর্যন্ত সেভাবে জনপ্রিয়তা পাননি তিনি। তবে হাল ছাড়েননি।

দুর্গাপুরের মাটিতে জন্ম ও বেড়ে ওঠা অভিনেতা ও কোরিওগ্রাফার স্যান্ডির‌‌। কলকাতায় আসার পর প্রথথদিকে তাঁকে অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। একসময় শিয়ালদহ স্টেশনেই থাকতে হয়েছে তাঁকে। সেখান থেকেই প্রতিদিন স্টুডিওপাড়ায় ঘুরে কাজের চেষ্টা করতেন। সেই সময়ে স্টুডিওতে সহজে কাউকে ঢুকতে দেওয়া হত না, ফলে বারবার বাধার সম্মুখীন হতে হয়েছে তাঁকে।

এই সংগ্রামের মধ্যেই তিনি ব্যাকআপ ডান্সার হিসেবে কাজ শুরু করেন এবং ধীরে ধীরে কোরিওগ্রাফির জগতে নিজের জায়গা তৈরি করেন। বিভিন্ন রিয়্যালিটি শো, অ্যাওয়ার্ড শো এবং চলচ্চিত্রে কোরিওগ্রাফি করেছেন তিনি। তাঁর কাজের তালিকায় রয়েছে 'চিরদিনই তুমি যে আমার', 'কবীর', 'ক্লাসরুম', 'বলো দুগ্গা মাইকি'র মতো জনপ্রিয় ছবি।

২০১৬ সালে তিনি অংশ নেন 'বিগ বস বাংলা সিজন ২'-এ এবং সেখানে ফাইনালিস্ট হন। এই রিয়্যলিটি শো তাঁর পরিচিতিকে আরও বাড়িয়ে দেয়। এরপর ছোটপর্দা ও ওয়েব প্ল্যাটফর্মে কাজের চেষ্টা চালিয়ে যান। বেশকিছু ধারাবাহিকেও দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি পরিচালক রাজ চক্রবর্তী্য সিরিজ 'আবার প্রলয় ২'-এ 'মনীষ'-এর চরিত্রে অভিনয় করেছেন, যা দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

এছাড়াও তিনি একটি হিন্দি ছবি 'জোর'-এ কাজ করেছেন। বর্তমানে বড়পর্দায় নিজের কাজের পরিধি আরও বাড়াচ্ছেন স্যান্ডি। আসন্ন ছবি 'পরবর্তী স্টেশন বেগুনকোদর'-এ তাঁকে দেখা যেতে চলেছে একেবারে অন্য ভূমিকায়। নিজের আগামী কাজ নিয়ে তাই বেশ আশাবাদী অভিনেতা।