নিজস্ব সংবাদদাতা: 'দোআঁশ'-এর পর আবারও বড়পর্দায় ফিরছেন শ্রীতমা দে। নতুন ছবির নতুন গল্পে এবার তিনি এক মেয়ের মায়ের চরিত্রে। ছবির নাম 'নেমেসিস'। পরিচালনায় অনির্বাণ সরকার। এই ছবিই হতে চলেছে পরিচালকের প্রথম ফিচার ফিল্ম।
ছবির গল্প এগোয় শহরের এক পরিবারকে ঘিরে। এক মেয়েকে নিয়ে সুখের সংসার দম্পতির। হঠাৎই এক দুর্ঘটনায় বদলে যায় তাদের পরিবারের ছবি। ছবির কেন্দ্রবিন্দু দুর্গাপুজো। পুজোর পাঁচ দিনের মধ্যেই শেষ হয় কাহিনি। এই গল্পে ফুটে উঠবে দুষ্টের দমন ও শিষ্টের পালনের কথাও।
ছবিতে শ্রীতমার স্বামীর ভূমিকায় রয়েছেন শুভাশীষ। মেয়ের চরিত্রে সহজিয়া। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন যুধাজিৎ সরকার ও অরিজিৎ লাহিড়ী। ইতিমধ্যেই শেষ হয়েছে ছবির শুটিং। কলকাতা ও আশপাশের বেশকিছু এলাকায় হয়েছে ছবির কাজ। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরেই বড়পর্দায় মুক্তি পাচ্ছে 'নেমেসিস'।
ছবি প্রসঙ্গে আজকাল ডট ইন-কে শ্রীতমা বলেন, "ছবির নামটাই ভাবনার প্রতিফলন। কথিত আছে গ্রিক দেবী 'নেমেসিস' অপরাধীদের যোগ্য শাস্তি দিতেন। যেমন আমরা কথায় বলি 'কর্মের ফল', কিছুটা সেরকম। এই গল্পের সঙ্গেও 'নেমেসিস'-এর কীভাবে মিল রয়েছে তা জানতে হলে ছবিটি দেখতে হবে। এই প্রথমবার মা-এর চরিত্রে অভাব করছি। গল্পটা খুব সাধারণ হলেও অসাধারণ বার্তা আছে। আশাকরি একটা অন্যরকম ছবি দর্শককে উপহার দিতে পারব।"
















