বক্স অফিসে ১৩০০ কোটির ‘ধুরন্ধর’ এবং মুক্তি পাওয়ার পর সপ্তাহ পুরোনোর আগেই ১০০০ কোটির গণ্ডি পেরিয়ে গেল ‘ধুরন্ধর ২’।  এই বিশাল সাফল্যের মুকুটে পালক অনেক। কিন্তু গ্ল্যামার আর অ্যাকশনের আড়ালে যে মানুষটি ৩০০ জন অভিনেতাকে নিয়ে দাবার বোর্ড সাজিয়েছিলেন, তিনি মুকেশ ছাবরা। সম্প্রতি এক বিস্ফোরক সাক্ষাৎকারে মুকেশ জানিয়েছেন, এই ফ্র্যাঞ্চাইজিটি গড়ে তোলা ছিল তাঁর কেরিয়ারের অন্যতম কঠিন এবং ‘অসম্ভব’ এক মিশন।


‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির অন্যতম সম্পদ হল এর খলনায়ক ‘রহমান ডাকাত’। কিন্তু চমকপ্রদ তথ্য হল, এই চরিত্রটির জন্য বলিউডের প্রথম সারির অনেক অভিনেতাই সরাসরি ‘না’ বলে দিয়েছিলেন। মুকেশ জানান, “একের পর এক অভিনেতা প্রস্তাব ফিরিয়ে দিচ্ছিলেন। কেউ বহু তারকাখচিত ছবিতে কাজ করতে চাননি, কেউ আবার খলনায়কের চরিত্রে অতটা গুরুত্ব খুঁজে পাননি।” প্রায় ডজনখানেক প্রত্যাখ্যানের পর মুকেশের ডায়েরিতে একদম শেষ নাম হিসেবে উঠে আসে অক্ষয় খন্নার নাম।

অক্ষয় খন্নাকে যখন প্রথম ‘রহমান ডাকাত’ চরিত্রের প্রস্তাব দেওয়া হয়, অভিনেতার প্রথম প্রতিক্রিয়া ছিল চরম বিস্ময়। মুকেশ হাসতে হাসতে মনে করেন, “অক্ষয় আমায় ফোন ধরে সোজা জিজ্ঞেস করেছিল, ‘তোমার কি মাথা খারাপ হয়ে গেছে?’।” তবে মুকেশের নাছোড়বান্দা অনুরোধে শেষ পর্যন্ত চিত্রনাট্য  শুনতে রাজি হন অক্ষয়। আর পুরো গল্প শোনার পর তাঁর সেই চিরচেনা স্টাইলে মাত্র একটি শব্দ খরচ করেছিলেন — ‘শানদার!’ অর্থাৎ দুর্দান্ত। পরের দিন সকালেই ফোন করে অক্ষয় জানিয়ে দেন, তিনি এই ছবিটা করছেন। আজ সেই চরিত্রটিই ‘ধুরন্ধর’-এর সাফল্যের অন্যতম স্তম্ভ।

মুকেশ আরও একটি গোপন তথ্য ফাঁস করেছেন। ‘ধুরন্ধর’ আদতে একটি একক সিনেমা হিসেবেই তৈরি হওয়ার কথা ছিল। কিন্তু প্রথম পর্ব মুক্তির মাত্র কয়েক সপ্তাহ আগে পরিচালক আদিত্য ধর উপলব্ধি করেন, গল্পের বিশালতা একটি ছবিতে ধরা সম্ভব নয়। তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হয় একে দুই খণ্ডে ভাগ করার। আর সেই তাৎক্ষণিক সিদ্ধান্তের সুফল আজ বক্স অফিসে স্পষ্ট— ভারতের অন্যতম দ্রুততম ১০০০ কোটির ফ্র্যাঞ্চাইজি এখন ‘ধুরন্ধর’।

৮ জন সহযোগীকে সঙ্গে নিয়ে টানা দু’বছর ধরে দিন-রাত এক করে অডিশন নিয়েছিলেন মুকেশ। স্ক্রিনে মাত্র এক মিনিটের জন্য আসা চরিত্রের জন্যও তিনি খুঁটিয়ে অডিশন নিয়েছেন। আজ যে ২০০০ কোটির সাম্রাজ্য গড়ে উঠেছে, তার প্রতিটা ইঁট গেঁথেছেন মুকেশ ছাবরা। অডিশন রুমে বসে, একজন একজন করে অভিনেতাকে খুঁজে বের করে।

 

 

&t=2069s