গত ২৬ ফেব্রুয়ারি বিয়ে সেরেছেন বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানা। উদয়পুরে চারহাত এক করে তাঁরা। বিয়ের পর থেকে প্রীতিভোজ, মিষ্টি বিতরণ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে চলেছে উদযাপন। এরপরই দক্ষিণের জনপ্রিয় এই জুটি উড়ে যান মধুচন্দ্রিমায়। সম্প্রতি তাঁদের থাইল্যান্ড ট্রিপের রোমান্টিক ছবি প্রকাশ্যে এসেছে। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। 

থাইল্যান্ডের ফুকেতে একটি বিলাসবহুল ভিলাতে সময় কাটিয়েছেন এই চর্চিত জুটি। যে ভিলার এক রাতের খরচ শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। জানা গিয়েছে, ওই ভিলার প্রতিদিনের ভাড়া প্রায় ২.৩ লক্ষ টাকা। এই রাজকীয় রিসর্টে রয়েছে ব্যক্তিগত পুল, স্পা এবং সমুদ্রের মনোরম দৃশ্য দেখার সবরকম ব্যবস্থা। ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতেই তাঁরা এই বিপুল অঙ্কের টাকা খরচ করেছেন বলে মনে করা হচ্ছে।

রশ্মিকা তাঁর ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি পোস্ট করেছেন, যেখানে তাঁকে বিদেশের মনোরম পরিবেশে বেশ খোশমেজাজে দেখা যাচ্ছে। সূত্রের খবর, জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান শেষে ‘ভিরোশ’ থাইল্যান্ডের কোহ সামুই দ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন। ক্যামেরা ও ব্যস্ততার চাপকে দূরে সরিয়ে সমুদ্রের ধারে শান্ত পরিবেশে নিজেদের মতো করে একান্ত সময় কাটান বিজয়-রশ্মিকা। সেই মিষ্টি মুহূর্তের একটি ছবি ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। 

ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে, দু’জনেই খুব হাসিখুশি মেজাজে রয়েছেন। সবুজ গাছপালায় ঘেরা, রোদ ঝলমলে একটি বাড়ির বাইরের সিঁড়িতে দাঁড়িয়ে রয়েছেন দম্পতি। একটি হালকা রঙের টি-শার্ট ও গাঢ় রঙের প্যান্ট পরেছেন বিজয়। অন্যদিকে, রশ্মিকা একটি ঢিলেঢালা হলুদ রঙের ফুলের নকশার পোশাকে ধরা দিয়েছেন। 

সূত্রে মারফত জানা গিয়েছে, বিলাসবহুল রিসর্টের পরিবর্তে হানিমুনে অন্তরঙ্গ ও ব্যক্তিগত অভিজ্ঞতা বেছে নিয়েছিলেন বিজয় ও রশ্মিকা। মধুচন্দ্রিমায় সৈকত-সংলগ্ন একটি বিশাল ব্যক্তিগত ভিলায় ছিলেন তাঁরা। বিয়ের অনুষ্ঠানের মতোই যেন তাঁদের ব্যক্তিত্বের প্রতিফলন ছিল হানিমুনের ছুটিতেও। 

তবে বিজয়-রশ্মিকা হানিমুনের পরিবর্তে বেছে‌ নিয়েছেন 'বাডিমুন'। অর্থাৎ এই একান্ত যাপন শুধু দু'জনে নয়, বন্ধুদের সঙ্গেই কাটাচ্ছেন এই জুটি। বিজয়-রশ্মিকার এই বিশেষ মুহূর্তের সাক্ষী হয়ে থাকছেন তাঁদের কাছের বন্ধুরাও।