বাংলা ছবিতে এক নতুন রহস্যে মোড়া মনস্তাত্ত্বিক অভিজ্ঞতা নিয়ে আসছে 'অন্তরাল'। পরিচালনায় সৌভিক দে। এই ছবির চিত্রনাট্যের দায়িত্বে অভিষেক ভট্টাচার্য। কলেজ জীবনের উচ্ছ্বাস, বন্ধুত্ব, প্রেম এবং তার আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার সত্যিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ছবির কাহিনি।

একটা কলেজ অনুষ্ঠানের রাতে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় জিনিয়া। কোনও সূত্র ছাড়াই তার অন্তর্ধান ঘিরে তৈরি হয় রহস্য। মাসের পর মাস কেটে যায়, তদন্তও ধীরে ধীরে স্তব্ধ হয়ে পড়ে। কিন্তু আর্যন, সেই রাতেই জিনিয়াকে নিজের মনের কথা বলতে চেয়েছিল, তাই সে এভাবে চুপ করে থাকতে পারে না। সত্যের খোঁজে তার একরোখা অনুসন্ধান ধীরে ধীরে সামনে নিয়ে আসে বন্ধুত্বের ভাঙন, সম্পর্কের জটিলতা এবং পরিচিত মুখের আড়ালে লুকিয়ে থাকা ভয়ঙ্কর গোপন রহস্য।

এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সুব্রত দত্ত। তাঁকে গল্পে এক পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে। এছাড়াও রয়েছেন গৌরব রায়চৌধুরী, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, দেবপর্ণা পাল এবং অনিন্দ্য পুলক ব্যানার্জি। নতুন মুখ হিসেবে এই ছবিতে আত্মপ্রকাশ করছেন রিয়ান ঘোষ, মৌমিতা নিয়োগী এবং পায়েল দাস।

"অন্তরাল'-এর আবহসঙ্গীত ও সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন দেব সেন। ছবির গানে কণ্ঠ দিয়েছেন নচিকেতা চক্রবর্তী, শিলাজিৎ মজুমদার, সুপ্রতীপ ভট্টাচার্য এবং অত্রি মুখার্জি।

ছবি প্রসঙ্গে পরিচালক সৌভিক দে বলেন, "অন্তরাল শুধুমাত্র একটি নিখোঁজের গল্প নয়। এটা মানুষের মনের ভিতরে জমে থাকা নীরবতা, অপরাধবোধ এবং সম্পর্কের অদৃশ্য দূরত্ব নিয়ে তৈরি এক আবেগঘন থ্রিলার। আমরা চেয়েছি বাস্তবতার খুব কাছাকাছি থেকে এমন একটা গল্প বলতে, যা শেষ মুহূর্ত পর্যন্ত টানটান উত্তেজনা ধরে রাখবে।”

সিনেনেস্ট মোশন পিকচার্সের ব্যানারে বড়পর্দায় মুক্তি পাচ্ছে এই ছবি।