নিজস্ব সংবাদদাতা: 'চন্দ্রবিন্দু' ছবি মুক্তির পরেই দারুণ সুখবর দিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা। অঙ্কুশ-ঐন্দ্রিলার জীবনে হাজির খুদে সদস্য। সমাজমাধ্যমে নিজেই তার সঙ্গে আলাপ করিয়ে দিলেন অঙ্কুশ। দায়িত্ব বাড়ল তাঁর, নতুন সম্পর্কে বাঁধা পড়লেন অভিনেতা।
পরিবার এবং সম্পর্ক সব সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্কুশ ও ঐন্দ্রিলার কাছে। শুটিংয়ের পর বেশিরভাগ সময়টাই তাঁরা কাটান দুই পরিবারের সঙ্গে। এবার অঙ্কুশ-ঐন্দ্রিলার জীবনে এল নতুন খুদে সদস্য। মামা হলেন অভিনেতা। টলিউডের জনপ্রিয় চলচ্চিত্র পরিবেশক শতদীপ সাহার ঘরে এসেছে কন্যা সন্তান। ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শতদীপ এবং দেবশ্রী।
এই নতুন সদস্যের সঙ্গেই দেখা করতে যান অঙ্কুশ। সেখানে গিয়ে তার সঙ্গে ছবি তুলেই সমাজমাধ্যমে ভাগ করে অঙ্কুশ লেখেন 'মামা হলাম'। খুদেকে কোলে নিয়ে যে দারুণ খুশি অঙ্কুশ তা ছবি দেখে বেশ বোঝা যায়, উপরি পাওনা মামা হওয়া। আরও দায়িত্ব বাড়ল অভিনেতার। এই ছবি ভাগ করে নেওয়ার সঙ্গে সঙ্গেই বহু অনুরাগীরাই অঙ্কুশ কে লিখেছেন, 'এবার বাবা হওয়ার সুখবর দিন'।
আসলে অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের জন্য অপেক্ষা করে আছেন বহু অনুরাগী।১০ বছরেরও বেশি সময় তাঁরা সম্পর্কে রয়েছেন। সম্পর্কে নানা টানাপোড়েন এলেও কেউ কারওর হাত ছাড়েননি। বরং যত দিন গিয়েছে আরও দৃঢ় হয়েছে তাঁদের সম্পর্ক। তবে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে প্রায়ই এড়িয়ে যান দু'জনেই।
প্রসঙ্গত, সদ্য মুক্তি পেয়েছে অঙ্কুশ-ঐন্দ্রিলা এবং সাহেব ভট্টাচার্য অভিনীত 'চন্দ্রবিন্দু'। এদিকে, 'মির্জা ২' আসার অপেক্ষায় রয়েছেন দর্শক। তবে কাজের প্রচুর ব্যস্ততা থাকলেও কবে দু'হাত এক করছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা? সেই প্রশ্ন অনেকেই করেন। আপাতত সেই ব্যাপারটা একটু গোপনেই রেখেছেন জুটিতে।
